নড়াইল, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেক্টর কমান্ডারস ফোরামের প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লে. জেনারেল এম হারুন অর রশীদ বলেছেন, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যেমন অপরাধীদের বিচার করতে হয়, তেমনি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধাপরাধীদের বিচার প্রয়োজন।
বুধবার লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজ মাঠে ইতনা গণহত্যায় নিহত ৫০ শহীদের নাম ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক সেনাপ্রধান হারুন অর রশীদ বলেন, "এতদিন যুদ্ধাপরাধীদের বিচার না হলেও এখনই এর জন্য উপযুক্ত সময়। যারা গণহত্যা চালিয়েছে, মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে তাদের বিচার না করা গেলে একাত্তরের শহীদদের কাছে এ জাতি দায়ী থেকে যাবে।"
তিনি আরও বলেন, "যখন ন্যায় বিচার ব্যহত হয়, দেশ তখন দুর্নীতিতে ছেয়ে যায়। কাজেই দুর্নীতিমুক্ত স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকতে হলে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। এ জন্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এক হতে হবে।"
ইতনা কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্ত্তীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্নেল সাজ্জাদ হোসেন, শেখ জামাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ।
১৯৭১ সালের ২৩ মে ভোরে পাকিস্তানি হানাদার বাহিনী ইতনা গ্রামে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৪৫ ঘ.
bdnews24