ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার কিছু অসৎ রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এবং পর্যবেক্ষণ জোরদার করলে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করেই বাংলাদেশী কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবে বলে জানিয়েছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রধান।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে মালয়েশীয় এনজিও- বাংলাদেশ ওয়ার্কার্স ওয়েলফেয়ার সেন্টারের (বিডব্লিউডব্লিউসি) প্রধান গোলাম আহাদ জামাল এ কথা জানান। বাংলাদেশের গোলাম আহাদ জামাল এনজিওটির প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি মালয়েশিয়ার নাগরিক।
গোলাম আহাদ বলেন, "রিক্রুটিং প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সরকার একটু সতর্কতা অবলম্বন করলেই বাংলাদেশী কর্মীরা জনপ্রতি মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করে মালয়েশিয়া যেতে পারবে।"
তিনি জানান, এই ৫০ থেকে ৬০ হাজার টাকার মধ্যেও ২০ থেকে৩০ হাজার টাকা থাকবে রিক্রুটিং সেন্টারগুলোর।
আহাদ জামাল জানান, বর্তমানে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে দুই থেকে আড়াই লাখ টাকা নিয়ে থাকে রিক্রুটিং প্রতিষ্ঠানগুলো।
এছাড়া মালয়েশিয়ার অসৎ বাংলাদেশী রিক্রুটিং প্রতিষ্ঠান ও সন্ত্রাসী চক্রের কবল থেকে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের মুক্ত করার ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।
বর্তমানে সাড়ে তিন লাখ বাংলাদেশী কর্মী মালয়েশিয়ায় কাজ করছে। মূলত কৃষি ও নির্মাণ খাতে কর্মরত এসব শ্রমিকের মাসিক বেতন গড়ে মাত্র চার হাজার টাকা। বাড়তি শ্রম চাহিদা পূরণে ২০০৬ সালে মালয়েশীয় সরকার বাংলাদেশ থেকে পাঁচ লাখ কর্মী নেওয়ার কথা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/২১৩৮ ঘ.
bdnews24