২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ বাজার থেকে ৫০ হাজার টন গম কিনবে সরকার

চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ২৬ টাকা কেজি দরে ৫০ হাজার টন গম সংগ্রহ করবে সরকার। ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রয়োজনে গম সংগ্রহের পরিমাণ বাড়াতে পারে বলে বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ২৬ টাকা কেজি দরে ৫০ হাজার টন গম সংগ্রহ করবে সরকার। ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রয়োজনে গম সংগ্রহের পরিমাণ বাড়াতে পারে বলে বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এ এম এম শওকত আলীর সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় গম সংগ্রহের সুপারিশ গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, আগামী মাসের মধ্যে ভারত থেকে দেড় লাখ টন চাল আমদানি করা হবে। এর মধ্যে ভারতের সরকারি সংস্থা ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিজ সাপ্লাই করপোরেশন লিমিটেডের মাধ্যমে এক লাখ টন ও বেসরকারি সংস্থা এল এম জে এর মাধ্যমে ৫০ হাজার টন চাল আসবে। ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিজ সাপ্লাই করপোরেশন লিমিটেডের মাধ্যমে আমদানি করা চালের চালান আসা শুরু হয়েছে। সভায় বিডিআরকে খাদ্য অধিদপ্তরের চলমান ওএমএস কর্মসূচির অতিরিক্ত হিসেবে পূর্বনির্ধারিত ২৫ টাকা কেজি দরে ১৮ হাজার টন চাল বিক্রির অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল, কৃষি উপদেষ্টা ড. সি এস করিম, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, এনবিআর চেয়ারম্যান, কৃষি সচিব, বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/২১২০ ঘ.