২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন-অযোগ্য মামলায় জামিন হওয়ায় আইনজীবীদের বিস্ময়

প্রায় দুই কোটি টাকার ভিওআইপি যন্ত্রপাতি উদ্ধার সংক্রান্ত জামিন-অযোগ্য ধারার মামলায় দুই অভিযুক্তের জামিন পাওয়ার ঘটনায় আদালতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রায় দুই কোটি টাকার ভিওআইপি যন্ত্রপাতি উদ্ধার সংক্রান্ত জামিন-অযোগ্য ধারার মামলায় দুই অভিযুক্তের জামিন পাওয়ার ঘটনায় আদালতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনগুরুত্বসম্পন্ন এ মামলায় উচ্চ আদালতে বেশ কয়েকবার জামিন নাকচ হওয়ার পর নিম্ন আদালত থেকে জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত খাজা আহমেদ ও মো. আরিফের জামিনে ঢাকা বারের বেশ কয়েকজন আইনজীবী বিস্ময় প্রকাশ করেছেন। গত ১০ মার্চ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান মাহমুদ তাদের জামিন দেন। ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক জামিন নামঞ্জুর করেছিলেন। একজন র‌্যাব কর্মকর্তা গত বছরের ৫ নভেম্বর রমনা থানায় টেলিযোগাযোগ আইনের ৩৫ (২) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারায় এ মামলা করেন। ৫ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ মগবাজারের 'মেলোডি হোমস' এর দু'টি ফ্ল্যাট থেকে ওই ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাব খাজা আহমেদ ও মো. আরিফকে ওই ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে। বিশেষ ক্ষমতা আইনের ধারা অনুযায়ী এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং সর্বনিম্ন শাস্তি ১৪ বছর কারাদন্ড। জনগুরুত্বসম্পন্ন এ মামলায় আসামিদের জামিনের ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সৈয়দ আহমেদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আসামিরা নারী অথবা অসুস্থ নন। তার ওপর মামলাটি জামিন অযোগ্য ধারার ও জনগুরুত্বসম্পন্ন। তাই মহানগর দায়রা জজ ওই আসামিদের জামিন দু'বার নাকচ করেছিলেন। এ আদালত জামিন পাওয়ার বিশেষ ও জরুরি কোনো কারণ আদেশে উল্লেখ না করেই এ রায় দিয়েছেন।" ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " উচ্চ আদালত কোনো মামলায় জামিন নামঞ্জুর করলে রীতি অনুযায়ী সে মামলায় নিম্ন আদালত সাধারণতঃ উচ্চ আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য হলেও জামিন দেন না। যদি না নতুন কোনো বিশেষ ও জরুরি কারণ সৃষ্টি হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০১১ঘ.