২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুকুর মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন মঞ্জুর

বিএনপির সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আয়কর ফাঁকির মামলা এখতিয়ার বহির্ভূত ও অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা আপিল আবেদন (লিভ টু আপিল) বুধবার মঞ্জুর করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 09:49 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিএনপির সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আয়কর ফাঁকির মামলা এখতিয়ার বহির্ভূত ও অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা আপিল আবেদন (লিভ টু আপিল) বুধবার মঞ্জুর করেছে আপিল বিভাগ। বিশেষ আদালতে টুকুর বিরুদ্ধে বিচারাধীন এ মামলার কার্যক্রমও স্থগিত করা হয়েছে। এছাড়া এ মামলা বাতিলের হাইকোর্টের রায়ের ওপর এর আগে দেওয়া স্থগিতাদেশও অব্যাহত রাখা হয়েছে। প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সরকার ও এনবিআরের লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেন। আদালত আগামী ২৭ এপ্রিল নিয়মিত আপিলের শুনানির দিন ধার্য করেছেন। ৫ ডিসেম্বর ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলা এখতিয়ার বহির্ভূত ও অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। হাইকোর্টের এই রায় স্থগিত করার জন্য সরকার ও এনবিআর আবেদন করলে আপিল বিভাগ ১৩ ডিসেম্বর তিন মাসের জন্য হাইকোর্টের রায় স্থগিত করে ও আপিল আবেদনের নির্দেশ দেন। ১৪ ফেব্র"য়ারি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার ও এনবিআর আপিল আবেদন দায়ের করে। গত বছরের ৪ জুলাই ঢাকার উপ কর কমিশনার মোঃ নুরুল আমিন ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে বিশেষ জজ আদালতে আয়কর ফাঁকির মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, টুকু ৩ কোটি ৮০ লক্ষ ১৪ হাজার ৪৮ টাকার আয় গোপন করে এর ওপর আয়কর ফাঁকি দিয়েছেন। এর আগে এনবিআর গত ২৮ জুন মামলাটি দায়েরের জন্য অনুমোদন দেয়। মামলা দায়েরের অনুমোদন ও মামলার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে টুকু গত ২৬ আগস্ট হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন। সরকার পক্ষে শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, "সাবেক এনবিআরের চেয়ারম্যান বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টুকুর মামলা অনুমোদনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা ছিল প্রশাসনিক আদেশ। মূল্য সংযোজন কর ও শুল্ক সংক্রান্ত মামলা শুনানির জন্য নির্ধারিত বেঞ্চ ফৌজদারি মামলা বাতিল করতে পারে না।" টুকুর পক্ষে শুনানিতে অংশ নেন আজমালুল হোসেন কিউসি। এনবিআরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খান সাইফুর রহমান ও অ্যাডভোকেট খুরশিদ আলম খান। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৫৪৪ ঘ.