ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক কোটি টাকা ঘুষ নেওয়ার মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, তার স্ত্রী ও মেয়েসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক এ কে এম আরিফুর রহমান এ অভিযোগ গঠন করেন। আগামী ২৩ মার্চ থেকে এ মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে।
মামলার সব আসামিই পলাতক রয়েছেন। মঞ্জুকে অবৈধ মাদক রাখার অপরাধে ২০০৭ সালের ২৬ জুন পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
গত বছরের ২৫ জুলাই দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ ফাইয়াজ আলম ধানমন্ডি থানায় ঘুষের মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, আনোয়ার হোসেন যোগাযোগ মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ২০০০ সালের ফেব্র"য়ারি মাসে কুড়িগ্রাম জেলার ধরলা নদীর ওপর একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি টাকা ঘুষ দাবি করেন। ওই মাসের ২০ তারিখে নির্মাণকারী প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদ ভূঁইয়ার কাছ থেকে চেকের মাধ্যমে তিনি ১ কোটি ২শ' টাকা গ্রহণ করেন।
মামলায় 'এজিস ট্রেক্সটাইল মিলস' নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদ হোসেনকেও আসামি করা হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং মেয়ে সীমা হোসেন নির্বাহী পরিচালক। এই তিনজনের যৌথ পরিচালনায় ব্যাংক একাউন্টেই ঘুষের চেকটি নগদায়ন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২১১৩ ঘ.
bdnews24