২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত ২০০৪ সাল পর্যন্ত দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

বিগত সরকারগুলোর দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে আপাতত ২০০৪ সাল পর্যন্ত অনুসন্ধান কাজ চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পর্যায়ক্রমে অন্যান্য বছরের দুর্নীতিও খুঁজে দেখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত সরকারগুলোর দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে আপাতত ২০০৪ সাল পর্যন্ত অনুসন্ধান কাজ চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পর্যায়ক্রমে অন্যান্য বছরের দুর্নীতিও খুঁজে দেখা হবে। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিং-এ কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান। তিনি বলেন,"কাজের সুবিধার্থে কমিশন ২০০৪ সাল পর্যন্ত দুর্নীতি ও অনিয়মের বিষয়টি অনসন্ধান করবে। পরে অন্য দুর্নীতিগুলোও খতিয়ে দেখা হবে। তবে দুর্নীতিবিরোধী যে অভিযান চলছে তা অব্যহত থাকবে।" খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার এর বিরুদ্ধে ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করার অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র কমিশন অনুমোদন করেছে উল্লেখ করে হানিফ ইকবাল বলেন, "এতে ৩৬ লাখ ৫ হাজার ৭৮৮ টাকা ক্ষতির অভিযোগ আনা হয়েছে।" এছাড়াও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও তার স্ত্রী ইসমত আরা ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাদের বিরুদ্ধে ৭ লাখ ৭৩ হাজার সম্পত্তির তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভুত ৫১ লাখ ৭২ হাজার টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হবে বলে জানান হানিফ ইকবাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এমএ/১৯৩৫ ঘ.