২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির আহ্বান জানালেন মাহবুব জামিল

অতি মুনাফার পরিবর্তে সামাজিক দায়বদ্ধতা নিয়ে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতি মুনাফার পরিবর্তে সামাজিক দায়বদ্ধতা নিয়ে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল। সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে 'ব্যবসা ক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা' শীর্ষক কর্মশালায় তিনি এ আহ্বান জানান। পণ্যের আন্তর্জাতিক মাননিয়ন্ত্রক সংস্থার (আইএসও) নতুন মানদণ্ড 'আইএসও ২৬০০০' সম্পর্কে তথ্য দিতে তিনদিনব্যাপী ওই কর্মশালা আয়োজন করা হয়। রিড কনসালট্যান্ট (বাংলাদেশ) লিমিটেড আয়োজিত কর্মশালায় শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। সোমবার কর্মশালার শেষ দিনে মাহবুব জামিল বলেন, "আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে ব্যবসা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার জন্য নীতিমালা প্রণয়নের চিন্তা করছে সরকার। এ ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যাান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিউিশনকে (বিএসটিআই) সম্পৃক্ত করার চিন্তা রয়েছে।" প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "১৯৮০ এর দশকের পর বেসরকারি খাতে ব্যবসা পরিচালিত হওয়ায় প্রথম প্রজন্ম শুধু মুনাফার কথা ভেবেছে। তারা সামাজিক দায়বদ্ধতা বা আন্তর্জাতিক মান অনুসরণের কথা ভাবেনি। ব্যবসায়ে সুশিক্ষিত দ্বিতীয় প্রজন্ম আসার পর মান অনুসরণের কথা ভাবা হচ্ছে।" ২০১০ সালে 'আইএসও ২৬০০০' মানদণ্ড প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর লক্ষ্য- সামাজিক দায়িত্বের প্রতি ঐচ্ছিক অঙ্গীকার উৎসাহিত করা। এতে সামাজিক দায়িত্ব সম্পর্কিত বিষয়গুলোর মধ্যে থাকবে- পরিবেশ, মানবিক অধিকার, শ্রমের ব্যবহার, সাংগঠনিক ব্যবস্থাপনা বা প্রশাসন, ন্যায্যভাবে বাজার পরিচালনা, সমাজের সম্পৃক্ততা ও ভোক্তা অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়। তবে মানদণ্ডটি অনুসরণ ঐচ্ছিক বিষয় হওয়ায় এর জন্য কোনো সার্টিফিকেশন স্ট্যান্ডার্ড থাকবে না। বর্তমানে প্রচলিত আইএসও ৯০০০ মানদণ্ডে কেবল পণ্যের গুণগত মান নিশ্চিতের কথা বলা হয়েছে। কর্মশালার শেষ দিনে বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার ডানকান নরম্যান, হংকং বিশ্ববিদ্যালয়ের ড. রিচাড ওয়েলফোর্ড, রিড কনসাল্টিং বাংলাদেশ লিমিটেড এর কোম্পানি চেয়ারম্যান রডনি রিডও বক্তব্য দেন। ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার বলেন, "আইএসও ২৬০০০ একটি গুরুত্বপূর্ণ ধাপ। বাংলাদেশে বিএসটিআইসহ অন্য স্টেকহোল্ডারদের নিয়ে মানদণ্ডটি অনুসরণের মাধ্যমে ব্যবসা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা প্রয়োজন।" রডনি রিড বলেন, "বাংলাদেশের কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা দরকার। আন্তর্জাতিক মানের সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়ন করে রপ্তানিকারকরা বাজারপ্রপ্তির সুবিধা পেতে পারেন।" বিডিনিউউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএ/১৮০০ঘ.