নীলফামারী, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলায় কালোবাজারে ইউরিয়া সার বিক্রির অভিযোগে রোববার মধ্য রাতে নীলফামারীতে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পাঁচ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে ।
সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে মুখ্য বিচার বিভাগীয় হাকিম মনসুর আলম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান চৌধুরী জানান, সদর উপজেলার ইটাখোলা হরিবাসর এলাকার খগেন্দ্র নাথ রায়ের ছেলে শহরের অভি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সত্যেন্দ্র নাথ রায় গত রোববার বিকেলে কালোবাজারে পাঁচ বস্তা ইউরিয়া সার বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাধার মোড় এলাকা থেকে পুলিশ ওই সার আটক করে।
পরে গভীর রাতে সত্যেন্দ্র নাথ রায়কে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৩৭ ঘ.
bdnews24