ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে দলগুলোকে ইতিবাচক মনোভাবের হওয়ার জন্য তাগিদ দিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল কামাল দারবিশ।
তিনি বলেছেন, "গণতন্ত্রের জন্য সবারই নির্বাচনে অংশ নেওয়া উচিত; ফলাফল মেনে নেওয়ার ব্যাপারেও দলগুলোকে ইতিবাচক মনোভাবের হতে হবে। নির্বাচন একটি প্রতিযোগিতা, এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়।"
তিনদিনের সফর শেষে ঢাকা ত্যাগের আগে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কামাল দারবিশ সাংবাদিকদের এ কথা বলেন।
পাশাপাশি রোডম্যাপ অনুযায়ী সঠিক সময়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রধান কামাল দারবিশ।
এ ব্যাপারে তিনি বলেন, "অনেকের মতো আমিও বিশ্বাস করি নির্বাচন সঠিক সময়েই হবে। সঠিক সময়ে নির্বাচন হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নির্বাচনের ভোটার তালিকাসহ নির্বাচন পূর্ববর্তী আনুষাঙ্গিক বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।"
সরকার ভোটার তালিকা তৈরির কাজ খুব ভালোভাবে করছে বলে মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে কামাল দারবিশ বলেন, "ইতিমধ্যে ৪৭ মিলিয়ন (৪ কোটি ৭০ লাখ) ভোটার তালিকাভুক্ত হয়েছেন। জুলাইয়ের মাঝামাঝিতে ভোটার তালিকার কাজ প্রায় শেষ হয়ে যাবে বলে আশা করছি।"
তিনি জানান, ইউএনডিপি এ কাজে নির্বাচন কমিশনকে সহায়তা দিচ্ছে।
স্থানীয় নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, "এটি জনগণ ও সরকারের ব্যাপার। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে কিনা তা নিয়ে আমার বলার কিছু নেই। তবে সব নির্বাচনই সুষ্ঠু হতে হবে।"
সংবাদ সম্মেলনে কামাল দারবিশ খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, "বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ।"
তিনি বলেন, "গোটা বিশ্ব অর্থনীতি এখন একটা সমস্যার মধ্যে দিয়ে এগুচ্ছে। এই মন্দা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। কিন্তু এটি একটি জটিল কাজ। বাংলাদেশসহ বিশ্ব বাজার পরিস্থিতি আগামী কয়েক মাস বেশ কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাবে।"
মানবাধিকার সম্পর্কিত মার্কিন প্রতিবেদনের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যেকোন মানবাধিকার লঙ্ঘন বড় ধরনের সমস্যা। সরকারের দায়িত্ব মানবাধিকার নিশ্চিত করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লংঘন হচ্ছে।"
বিনা বিচারে অনেক রাজনীতিবিই বর্তমানে আটক আছেন- এ ব্যাপারে কামাল দারবিশের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, "যে কোন ব্যক্তিরই বিচার হতে পারে। তবে বিচারের আগে কাউকে দোষী বলা যাবে না।"
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন,"এ ব্যাপারে বাংলাদেশের অগ্রগতিতে আমি খুশি। বিশেষ করে শিক্ষা ও বিশুদ্ধ পানিতে অগ্রগতি খুবই সন্তোষজনক। কিন্তু মাতৃস্বাস্থ্যে এখনও উদ্বেগ রয়েছে।"
সংবাদ সম্মেলনে ইউএনডিপির আবাসিক সমন্বয়ক রেনেটা লক ডেসালিয়ান উপস্থিত ছিলেন।
কামাল দারবিশ গত শনিবার বাংলাদেশ সফরে আসেন। এই সফরে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, অর্থ উপদেষ্টা, সেনা প্রধান, প্রধান নির্বাচন কমিশনার এবং ব্যবসায়ী সমাজ ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি সিডর দুর্গত এলাকা এবং ভোটার তালিকার কাজ পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/কিউএইচ/আরএ/এএল/এমএ/১৬৩৮ঘ.
bdnews24