২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনকন্ঠ সম্পাদকের দুইটি কর ফাঁকির মামলা বাতিল করেছে হাইকোর্ট

গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক জনকন্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে দায়ের করা পৃথক দু'টি কর ফাঁকির মামলা অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 07:59 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক জনকন্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে দায়ের করা পৃথক দু'টি কর ফাঁকির মামলা অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি মোঃ আবদুর রশিদ ও বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আতিকউল্লাহ খান মাসুদের পক্ষে তার ছোট ভাই এম মিজানুর রহমান খানের দায়ের করা পৃথক দু'টি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেন। গত বছরের ৭ মার্চ জনকন্ঠ সম্পাদককে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গত ৬ জানুয়ারি আয়কর ফাঁকির অভিযোগে আতিকুল্লাহ খান মাসুদ, তার স্ত্রী শামীমা এ খান, দুই ছেলে মিশাল ও জিশালসহ ৬ জনের বিরুদ্ধে এনবিআর ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে মামলা দায়ের করে। এ মামলা দু'টিতে ২০০০ থেকে ২০০৫ করবর্ষে গ্লোব কনস্ট্রাকশনের ৫ কোটি ৩৭ লাখ ৩ হাজার ২৯ টাকা এবং গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের ৬ কোটি ২৩ লাখ ৫৪ হাজার টাকা আয় প্রদর্শন না করে করফাঁকির অভিযোগ আনা হয়। গত ৯ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত এই দুই মামলায় আতিকুল্লাহ খান মাসুদের স্ত্রী, দুই ছেলেসহ ৫ জনের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। এই আদেশের পর গত ২০ জানুয়ারি পুলিশ জনকন্ঠ ভবনের কয়েকটি তলার মালামাল আটক ও সিলগালা করে দেয়। জনকন্ঠ সম্পাদকের পক্ষে হাইকোর্টে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইনায়েতুর রহিম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ মাহতাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৩৫৩ ঘ.