২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ কর্মকর্তা কামাল দারবিশের বরিশাল বালুরমাঠ বস্তি পরিদর্শন

সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল কামাল দারবিশ রোববার দুপুরে বরিশাল নগরীর বালুরমাঠ বস্তি পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রতিনিধিদলও ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

বরিশাল, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল কামাল দারবিশ রোববার দুপুরে বরিশাল নগরীর বালুরমাঠ বস্তি পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রতিনিধিদলও ছিল। প্রতিনিধি দলটি ইউএনডিপির অনুদানে নির্মিত বালুরমাঠ বস্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও কমিউনিটি ঘুরে দেখেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। পরে ইউএনডিপির প্রশাসক কামাল দারবিশ বালুরমাঠ কমিউনিটি সেন্টারে কমিউনিটির প্রতিবন্ধী শিশুদের জন্য নেওয়া উন্নয়নমূলক কার্যক্রম দেখেন। বরিশাল সিটি করপোরেশনের মাধ্যমে বাস্তবায়নাধীন এই প্রকল্পের বিভিন্ন বিষয় তাকে অবহিত করেন প্রকল্প ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. মতিউর রহমান। কামাল দারবিশ বস্তিবাসীদের উন্নয়নমূলক কাজে অংগ্রহণের বিষয়টি প্রশাংসা করেন। আগামীতে এ প্রকল্পে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি। ইউএনডিপির প্রতিনিধি দলটিতে আরও ছিলেন, কামাল দারবিশের স্ত্রী কেথি দারবিশ, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিসেস রেনেটা ডেস্যালিন, ইউএনডিপির পরিচালক (প্রশাসক) ও প্রধান কর্মকর্তা টেগনিকওয়ার্ক গেটি, বিশেষ সহকারী ও প্রকল্প উপদেষ্টা (প্রশাসক) মিসেস রোজম্যারি নুয়ামাহ, কান্ট্রি ডিরেক্টর মনোজ বাসনায়াত, মিডিয়া প্রোডিউসার বোয়াজ পালিড এবং অঞ্চলিক সেক্রেটারি জোহানেস জ্যাকবাস ভ্যান ডার ম্যারওয়ে। প্রতিনিধিদলের সদস্যরা দুপুর সোয়া ২টার দিকে বালুরমাঠ বস্তিতে পৌঁছালে বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু এবং বস্তিবাসীরা তাদের স্বাগত জানান। ডা. মো. মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালুরমাঠ কমিউনিটিতে ইউএনডিপির অর্থায়নে ১৭ টি গভীর নলকূপ, ১২৫ টি স্বাস্থ্য সম্মত পায়খানা নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বস্তির ৫০ জন বেকার ছেলে-মেয়েকে ছয়মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বরিশাল নগরীতে ৬০টি কমিউনিটিতে ইউনডিপির আর্থিক সহায়তায় দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। কামাল দারবিশ তিন দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন। সোমবার তিনি চলে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৫ ঘ.