২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস এ কোটা সংস্কারের দাবিতে পিএসসি ঘেরাও কর্মসূচি

বিসিএসসহ সব সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ আগামী ১০ এপ্রিল সরকারি কর্মকমিশন (পিএসসি) কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 11:15 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিএসসহ সব সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ আগামী ১০ এপ্রিল সরকারি কর্মকমিশন (পিএসসি) কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে। এছাড়া দাবি মানা না হলে রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক কে এম সেলিম। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির টিএসসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, অযৌক্তিক কোটা প্রথার যৌক্তিক পুনর্বিন্যাসের বিষয়ে ২৯ মার্চের মধ্যে সরকারকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। তা না হলে ছাত্র-শিক্ষক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। বিসিএস পরীক্ষায় বর্তমানে মুক্তযোদ্ধা সন্তানের জন্য ৩০ ভাগ, নারীদের জন্য ১০ ভাগ, জেলার জন্য ১০ ভাগ এবং আদিবাসীদের জন্য পাঁচ ভাগ কোটা সংরক্ষণ করা হচ্ছে। কোটা প্রথা পর্যালোচনা করার বিষয়ে রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান ও সাবেক সচিব রকিব উদ্দিন এর নেতৃত্বে একটি সমীক্ষা কমিটি এরই মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সমীক্ষা কমিটি সুপারিশ জমা দেওয়ার পরও তা বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম সমাবর্তনের জন্য আগমী ১০ এপ্রিল পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএনডি/এমএ/১৭০৭ঘ.