রংপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ নির্বাচনে সৎ প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের উন্নতির জন্য ভাল নেতৃত্ব দরকার। কেউ যাতে ভোট কিনতে না পারে সে দিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।
সেনাপ্রধান বলেন, "অসৎ ব্যক্তিরা ভোট কিনে জয়ী হলে আগামী পাঁচ বছর তারা তাদের ব্যয় করা টাকা উদ্ধার করে আরও টাকা কামাই করার চেষ্টা করবে। তারা জনগণের স্বার্থে কাজ করবে না।" ভোট কেনা বেচার ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহবান জানান তিনি।
রোববার দুপুরে রংপুরের পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি কমপ্লেক্সে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের সময় সেনাপ্রধান মইন উ আহমেদ বলেন, "সেনাবাহিনীর সহায়তায় ইতোমধ্যেই পাঁচ কোটি ভোটারের নিবন্ধন কাজ শেষ হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে ভোটার তালিকা তৈরির কাজ শেষ হয়ে যাবে। এবার ভোটারের সংখ্যা আট কোটি ছাড়িয়ে যাবে।"
তিনি বলেন, "এবার দেশে পাঁচ ধরনের ভয়াবহ দুর্যোগ হয়েছে। দ্রব্য মুল্যের দাম দ্বিগুণ হয়েছে। তেল ও খাদ্যসামগ্রীর দাম অনেক বেড়েছে। চালের দাম এখন ৩২ থেকে ৩৩ টাকা কেজি। এত কিছুর পরেও দেশে দুর্ভিক্ষ হয়নি। আমরা বলেছিলাম কেউ না খেয়ে মারা যাবে না। সিডরের সময় বলেছিলাম খাদ্য ও চিকিৎসা ব্যাতীত কাউকেই মরতে দেব না। সেনাবাহিনী প্রশাসনসহ সকলকে নিয়ে দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে।"
জেনারেল মইন বলেন, "দেশে খাদ্য সংকট রয়েছে। বিদেশ থেকে খাদ্য আমদানি করে এই চাহিদা পুরণ করা সম্ভব নয়। বাইরে থেকে খাদ্য আমদানি করার আর্থিক সঙ্গতি আমাদের থাকলেও দেশে খাদ্য উৎপাদন করে খাদ্যের চাহিদা আমাদেরকেই পূরণ করতে হবে। এ জন্য কৃষকদের সার, ডিজেলসহ কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে।"
তিনি বলেন, এবার দেশে আলুর বাম্পার ফলন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে চালের পাশাপাশি আলু প্রধান খাদ্য। সে কারণে আলু বেশি করে খেতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিকেএমইএ'র সভাপতি ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত
bdnews24