ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আগামী মাস থেকে সারা দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম।
তিনি বলেন, "সার উৎপাদনে গ্যাস সরবরাহ প্রাধান্য দেওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যাচ্ছে না। এ কারণে কিছুটা লোডশেডিং হচ্ছে। আশা করা যায় আগামী মাসে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। এছাড়া বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই সঞ্চালন ব্যবস্থারও আধুনিকায়ন করা হবে।"
রোববার রাজধানীর বিসিআইসি মিলনায়তনে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি 'জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে করণীয়' শীর্ষক আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ম. তামিম বলেন, বিদ্যুৎ চাহিদা ক্রমেই বাড়ছে। ২০২৫ সালে দেশে বিদ্যুৎ চাহিদা হবে ২০ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ চাহিদা বাড়লে সঞ্চালন লাইনের ওপরও চাপ বৃদ্ধি পাবে। কাজেই সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সঞ্চালন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সঞ্চালন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার কথা চিন্তা করেই বড় বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন করে সঞ্চালন লাইন স্থাপন করে ভবিষ্যতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানান জ্বালানী উপদেষ্টা।
পিজিসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা গোলাম আহমেদ বলেন, "বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রমে গতিশীলতা আনতেই পিজিসিবি সৃষ্টি করা হয়েছিল। কোম্পানির কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
সংগঠনের আহ্বায়ক এবিএম হারুনুর রশীদ বলেন, "সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে ৪শ' কেভি সঞ্চালন লাইন প্রক্রিয়াধীন আছে।" তবে বর্তমান পদ্ধতিতে ২০১৫ সালের আগে ৪শ' কেভি লাইন প্রয়োজন হবে না বলেও জানান তিনি।
পিজিসিবির সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রউফ ছিদ্দিকী মূল প্রবন্ধে বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার সমন্বয়হীনতার উল্লেখ করে বলেন, বড় বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় সঞ্চালন লাইনের ভারসাম্য নষ্ট হচ্ছে।
পিজিসিবি'র কার্যক্রমে গতিশীলতা আনতে আরএন্ডডি সার্কেল প্রতিষ্ঠা, সেট-আপ প্রণয়নে পিরামিড ফর্মূলায় প্রকৌশলী টিম গঠন করা, দেশের ৮০টি গ্রীড উপকেন্দ্র ও অন্যান্য অফিসের সঙ্গে যোগাযোগের একক ব্যবস্থা 'ক্যারিয়ার বিভাগ' আধুনিকায়নের দাবি জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/এমএ/১৬৪০ঘ.
bdnews24