ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাজ্যের সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের অংশগ্রহণে জরুরি পরিস্থিতি মোকাবেলায় যৌথ অভিযান পরিকল্পনা কোর্স শেষ হয়েছে বৃহস্পতিবার।
ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং উইং এ গত ৮ থেকে ১৩ মার্চ পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স হয়।
কোর্স প্রশিক্ষক ছিলেন যুক্তরাজ্যের মিডলসেক্সের নর্থ উডে স্থায়ী যৌথ সদর দপ্তরের চারজন প্রশিক্ষক। বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এতে অংশ নেন।
বাংলাদেশে বিট্রিশ হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা লে. কর্নেল ফিলিপ স্পাইসার বলেন, "এ প্রশিক্ষণ জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে যৌথ পরিকল্পনার সুবিধাগুলো শেখার সুযোগ করে দিয়েছে। এ প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা ও মানব বিপর্যয় মোকাবেলা কার্যক্রমের মানোন্নয়ন করবে।"
এই বছরের জুন মাসে চট্টগ্রামে পরবর্তী প্রশিক্ষণে উপকূলীয় প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের উপর প্রশিক্ষণ দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/টিএইচ/এমএ/১৮৪০ঘ.
bdnews24