ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক কমিশন গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে 'কলঙ্কের দায়মুক্ত' করার দাবি পুনর্ব্যক্ত করেছে মুক্তিযুদ্ধের রণাঙ্গণে নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফোরামের চেয়ারম্যান সাবেক বিমানবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার এ দাবি জানিয়ে বলেছেন, '' কোনো প্রতিহিংসা নয়, বরং জাতির বিবেকের দাবির প্রতি শ্রদ্ধা জানাতেই আইনি প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীর বিচার চাই। এর মাধ্যমে জাতিকে কলঙ্কের দায় থেকে মুক্ত করা যাবে।''
যুদ্ধাপরাধের বিচার বিষয়ে সরকারের নীরবতাকে 'দুঃখজনক' বলে আখ্যা দেন তিনি।
মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এ কে খন্দকার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আগামী ১৫ মার্চ শনিবার চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় জাতীয় কনভেনশনের বিস্তারিত অনুষ্ঠানসূচি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেনা বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হারুন-অর-রশিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আবু ওসমান চৌধুরী ও মুক্তিযোদ্ধা ম হামিদ।
সংবাদ সম্মেলনে ১৫ মার্চের কর্মসূচি ব্যাখ্যা করে বলা হয়, এ কনভেশনে মুক্তিযোদ্ধা,শিক্ষক,বুদ্ধিজীবী,আইনজীবী,সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সম্মেলনে যুদ্ধাপরাধের প্রকৃতি, আইন, বিচারপ্রক্রিয়া, এর প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয়ে আলোচনা ও পর্যালোচনাসহ ভবিষ্যৎ কর্মপন্থা নিধারণ করা হবে।
এ কে খন্দকার বলেন, ''যুদ্ধাপরাধীর বিচারের দাবির সঙ্গে সর্বস্তরের দেশপ্রেমিক জনসাধারণ একাত্ম হয়েছেন। এটা আজ গণ দাবিতে পরিণত হয়েছে।" তিনি হতাশা ব্যক্ত করে বলেন, "সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার ও সেনা প্রধান যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে মত প্রকাশ করলেও পরে সরকারের দিক থেকে বাস্তব কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি যা দুঃখজনক।''
এক প্রশ্নের জবাবে সাবেক সেনা প্রধান হারুন
bdnews24