লন্ডন, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ একাদশ ওআইসি সম্মেলনে যোগ দিতে সেনেগাল যাওয়ার পথে লন্ডনে অল্প সময়ের যাত্রা বিরতি করেন।
বুধবার লন্ডনের বাংলাদেশ হাই কমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
প্রধান উপদেষ্টা ওআইসি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছলে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার শফি ইউ. আহমেদ তাকে অভ্যর্থনা জানান। প্রেস সচিব ফাহিম মুনয়েম এই সফরে তার সঙ্গে আছেন। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা লন্ডন থেকে ডাকারের উদ্দেশ্যে রওনা দেন।
পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই ডাকারে অবস্থান করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/আরএ/এসকে/
bdnews24