২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের নোটিশের ভিত্তিতে হাসিনার বিরুদ্ধে আইনী কার্যক্রম চলবে

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 04:18 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের দায়ের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন। রায়ের পরপরই শেখ হাসিনার প্রধান কৌসুলি ব্যারিস্টার রফিকুল হক সাংবাদিকদের বলেছেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করেছে। এর ফলে দুদকের নোটিশের ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরসহ যাবতীয় কার্যক্রম চলবে। গত ২১ নভেম্বর হাইকোর্ট শেখ হাসিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তার সম্পত্তির হিসাব চেয়ে দুদকের দেওয়া নোটিশ অবৈধ ও বাতিল ঘোষণা করে। এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিলের আবেদন (লিভ টু আপিল) করলে ১০ জানুয়ারি সেটি গ্রহণ করে উচ্চ আদালত। শেখ হাসিনাকে গ্রেপ্তারের পরদিন গত বছর ১৭ জুলাই দুদক তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয়। এরপর ৫ আগস্ট ওই নোটিশের বিরুদ্ধে হাসিনা হাইকোর্টে রিট আবেদন করেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এসকে/১০১৮ঘ.