ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন বিগত চার দলীয় জোট সরকারের সময় পুলিশে ৮শ' উপ-পরিদর্শক ও সার্জেন্ট নিয়োগের নামে দেড় থেকে দুশ' কোটি টাকার 'বাণিজ্য' হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।
বুধবার পুলিশ সদর দপ্তরে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য বলেন।
মহাপরিদর্শক বলেন, "ওই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়ায় আদালতে মামলা হয়েছে। এ কারণে পুলিশের ওই পদগুলোতে নিয়োগ বন্ধ রয়েছে।"
তিনি বলেন, "কোথাও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেলে তা তদন্ত করা হচ্ছে। প্রতিমাসে এনজিও প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় পুলিশের বৈঠক হবে। মেয়েদের উত্ত্যক্ত করা বন্ধে দেশের প্রতিটি থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্কুল-কলেজের সামনে পুলিশকে নজর রাখতে বলা হয়েছে।"
সভায় পুলিশকে আরও গতিশীল করতে এনজিও ও মানবাধিকার সংগঠনগুলোর সহযোগিতা চাওয়া হয়।
মত বিনিময় সভায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) নব বিক্রম ত্রিপুরা, অতিরিক্ত মহাপরিদর্শক বাহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ৩৬টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/২৩২৪ ঘ.
bdnews24