২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় চার জনের ফাঁসির আদেশ

নারায়ণঞ্জের মা-মেয়ে হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে পাঁচ জনকে। বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল কুদ্দুস মিয়া মামলার রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

নারায়ণগঞ্জ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণঞ্জের মা-মেয়ে হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে পাঁচ জনকে। বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল কুদ্দুস মিয়া মামলার রায় দেন। নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা থানার দেওভোগ এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম ও তার মেয়ে রাজিয়া সুলতানা মুন্নীকে ২০০৬ সালের ২৭ জুন নিজ বাসায় হত্যা করা হয়। সম্পত্তি দখলের জন্য আত্মীয়-স্বজনরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচ জনই নিহত মনোয়ারা বেগমের আত্মীয়। অপর চার জন ভাড়াটে খুনী। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো, মুন্নীর চাচাত ভাই কামাল হোসেন (৩৪) ও মাইনুদ্দীন চঞ্চল (৩০), চাচাত বোনের স্বামী আনোয়ার হোসেন অনু (৪৬) এবং ভাড়াটে খুনী আতাউর রহমান আতা (৪৬)। যাবজ্জীবন সাজা হয়েছে মুন্নীর চাচা নূরুল হক (৭০), চাচাত বোন নূরুন্নাহার রুনা (৩৫), ভাড়াটে খুনী জজ মিয়া (৩২), মোক্তার হোসেন (৩৫) ও আফজাল হোসেনের (৩৬)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুন্নীর চাচি লুৎফা বেগমকে খালাস দিয়েছে আদালত। মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালের ২৭ জুন রাতে দেওভোগ এলাকায় নিজেদের ফ্ল্যাটে খুন হন বিধবা মনোয়ারা বেগম ও তার মেয়ে মুন্নী। হত্যাকাণ্ডের পর মুন্নীর চাচা নূরুল হক থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তখনকার এসি শফিউল্লাহ পরে মুন্নীর চাচা নূরুল হক, তার স্ত্রী, দুই ছেলে, মেয়ে, মেয়ের জামাইকে গ্রেপ্তার করেন। তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর গ্রেপ্তার করা হয় ভাড়াটে খুনীদের। ডিবির সে সময়কার উপ পরিদর্শক কে এম ফিরোজ পরে নূরুল হকসহ বাকিদের আসামি করে নতুন একটি হত্যা মামলা করে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, সম্পত্তির লোভে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৬ ঘ.