২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে সহকারী সচিবের জামিন

তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজুল ইসলাম। মঙ্গলবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শামসুন্নাহার বেগমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মাহফুজুল ইসলাম । জামিন আবেদনের শুনানিতে মাহফুজুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন আদালতকে বলেন, "আসামি নির্দোষ। মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে তিনি শুধু মন্ত্রীর আদেশ পালন করেছেন। প্লট বরাদ্দ সংক্রান্ত কমিটিতেও তিনি ছিলেন না।" বিচারক ৫০ হাজার টাকা বেলবণ্ড ও একজন আইনজীবীর জিম্মায় তাকে জামিন দেন। প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত বছরের ১৫ জুলাই দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় একটি মামলা করেন। এতে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, সাবেক সাংসদ আলী আসগর লবী এবং মাহফুজুল ইসলামকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, মন্ত্রী থাকার সময় মির্জা আব্বাস অনিয়মের মাধ্যমে তেজগাঁও শিল্প এলাকায় ১৯.৪৪ কাঠার নতুন (১৫৩/১১ নম্বর) একটি প্লট আলী আসগর লবীর মালিকাধীন প্যাসিফিক কেমিক্যালস এর নামে বরাদ্দ দেন। ওই প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদনও নেওয়া হয়নি। আগামী ১৬ মার্চ এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১৪৪ঘ.