২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকে ডাকাতির মূল হোতা গ্রেপ্তার হয়েছে: পুলিশ

রাজধানীর শুক্রাবাদে ব্র্যাক ব্যাংকে ডাকাতির মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

তারা বলছে, গত ৫ মার্চ ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া সাকুর মাহমুদ শুক্কুরই ওই ডাকাতির মূল পরিকল্পনাকারী।

গত ৩ জানুয়ারি শুক্রাবাদে ব্র্যাক ব্যাংক ধানমন্ডি শাখার ৬২টি লকার ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট হয়। ওই সময় সাপ্তাহিক ছুটি থাকায় দুদিন পর বিষয়টি ধরা পড়ে। ডাকাত দল ব্যাংকের ওপর তলার হোটেল নিদমহলের কক্ষের মেঝে কেটে ব্যাংকে ঢুকে লুটপাট চালায়।

ডাকাতিতে জড়িত অভিযোগে শুক্কুরকে নিয়ে মোট ২৩ জনকে গ্রেপ্তার এবং প্রায় আড়াইশ' ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক একেএম নাসিরুল্লাহ মঙ্গলবার সাংবাদিকদের জানান, শুক্কুরকে গত ৫ মার্চ ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির পরিকল্পনা এবং তাতে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে।

নাসিরুল্লাহ বলেন, "শুক্কুর বলেছে, ডাকাতির আগে সহযোগীদের নিয়ে হোটেল নিদমহল ভবন পর্যবেক্ষণ করে। পরে আবু তাহের নামে এক সহযোগীকে পাঠায়। সে হোটেলে দুদিন থেকে পুরো অবস্থান জেনে নেয়। এর এক দিন পর তারা কয়েকজন মিলে হোটেলের তৃতীয় তলা প্রায় সবকয়টি কক্ষ ভাড়া নেয়। ১ মাস ৬ দিন পর পর সুবিধাজনক সময়ে মেঝে কেটে রশি বেয়ে লকার কক্ষে ঢোকে।"

শুক্কুর গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, রাজা মিয়া ও হানিফ নামে দুজন লকার কক্ষে ঢুকে মালামাল লুট করে রশি বেয়ে আবার হোটেলের কক্ষে ওঠে। ওই কক্ষে বসেই লুণ্ঠিত মালামাল ১৯ ভাগ করা হয়।

পুলিশ কর্মকর্তা নাসিরুল্লাহ বলেন, "শুক্কুর জানিয়েছে, সে লুণ্ঠিত মালামালের ৫ ভাগ পায়। তার ভাগের অংশ সে তার সহযোগীদের দিয়ে চট্টগ্রামে পাঠায় এবং তা প্রায় সাড়ে ৮ লাখ টাকায় বিক্রি করে।"

ওই টাকার প্রায় ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে জানিয়ে নাসিরুল্লাহ বলেন, "বাকি টাকা শুক্কুর বিদেশে যাওয়ার জন্য মতিঝিলের এক আদম ব্যবসায়ীকে দিয়েছে বলে জানিয়েছে।"

তিনি জানান, ব্র্যাক ব্যাংকে ডাকাতিতে জড়িত ২৩ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চোরাই স্বর্ণের ক্রেতাও রয়েছে। উদ্ধার করা হয়েছে মোট ২৫৪ ভরি স্বর্ণালংকার এবং ৯ লাখ টাকা।