২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুল, জয়নুল, কামরুল হাসানের সমাধিসৌধ নির্মাণ পুনরায় শুরু হচ্ছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন ও পটুয়া কামরুল হাসানের সমাধি সৌধ নির্মাণের কাজ ১১ বছর পর আবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন ও পটুয়া কামরুল হাসানের সমাধি সৌধ নির্মাণের কাজ ১১ বছর পর আবার শুরু হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা জেলা পরিষদকে। স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে ওই সভায় শিক্ষা সচিব মমতাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএমএ ফায়েজ, উপ-উপাচার্য ইউসুফ হায়দার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শেখ খুরশীদ আলমসহ শিক্ষক, বুদ্ধিজীবী, স্থপতি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকরাও ওই সময় সভাস্থলে ছিলেন। সভায় সমাধি সৌধ কমপ্লেক্স- এর নকশা চূড়ান্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ হায়দারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটি নকশা চূড়ান্ত করা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ভাষা শহীদ আবুল বরকতের নামে একটি স্মৃতিস্তম্ভ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে আগামী ১৫ দিনের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেবে। সভায় স্থপতি মাজহারুল ইসলামের 'ভিত্তি স্থাপত্য লিমিটেড'-এর পক্ষ থেকে একটি নকশা উপস্থাপন করা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও চারুকলা ইনস্টিটিউটের শিক্ষকদের আপত্তির মুখে নকশাটি গ্রহণ না করে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও চারুকলার শিক্ষক প্রতিনিধি, নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে সদস্য রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব নজিবুর রহমান এতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সভায় জানানো হয়, কমিটির ব্যবস্থাপনায় আগামী এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি আন্তঃমন্ত্রণালয় সভা করে নকশাসহ অন্য বিষয়গুলো চূড়ান্ত করা হবে। মাজার কমপ্লেক্স প্রকল্পের জন্য ব্যয় হবে দুই কোটি ৭০ লাখ টাকা। স্থানীয় সরকারের অধীনে ঢাকা জেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করবে। নির্মাণ কাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এছাড়াও সভায় স্থানীয় বিভাগের অধীনে ভাষাশহীদ ও বীরশ্রেষ্ঠদের গ্রামে জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ প্রকল্পের অধীনে দুই ভাষাশহীদ আবুল বরকত ও শফিউদ্দিন আহম্মেদের জন্য জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণের জন্য জমি বরাদ্দের বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সভায় জানান, শফিউদ্দিন হাইকোর্টের কর্মচারী থাকায় হাইকোর্টে তার জন্য জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ করা হবে। এ বিষয়ে হাইকোর্ট ইতিবাচক সম্মতি দিয়েছে। আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবস্থায় শহীদ হন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার জন্য একটি স্থান দেয়ার জন্য উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮১৫ ঘ.