২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আরেকদফা বেড়েছে

কয়েক দিনের ব্যবধানে চাল, ডাল, ময়দা, পেঁয়াজ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরেক দফা বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাবেই খুচরা বাজারে দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বলেছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবই স্থানীয় বাজারে পড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক দিনের ব্যবধানে চাল, ডাল, ময়দা, পেঁয়াজ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরেক দফা বেড়েছে। পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাবেই খুচরা বাজারে দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বলেছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবই স্থানীয় বাজারে পড়ছে। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে দুই কেজি ময়দার প্যাকেট ৯২ থেকে ৯৪ টাকায় বিক্রি হতে দেখা যায়। খুচরা বিক্রেতা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২ কেজি ময়দার প্যাকেট আমরা কোম্পানিগুলোর কাছ থেকে ৮৪ থেকে ৮৫ টাকায় কিনতাম। গতকাল (রোববার) হঠাৎ করে তারা দাম বাড়িয়ে ৮৯ থেকে ৯০ টাকা করে দেয়। ফলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।" খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির ঘটনাকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব হিসেবে আখ্যায়িত করে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৫ ফেব্র"য়ারির থেকে দ্রব্যমুল্য বৃদ্ধির নানা দিক নিয়ে তারা বিশ্লেষণ করছেন। তার মতে, দাম বাড়লে ক্রেতারাও বেশি বেশি পণ্য কিনে রাখতে চান। আবার ব্যবসায়ীরা আরও দাম বাড়ার আশায় মজুদ করতে চান। এই দুই দিকের চাপে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২ কেজি ময়দার প্যাকেটের কোম্পানি মুল্য ছিল ৮৪ থেকে ৮৫ টাকা। গতকাল থেকে এটা বেড়ে হয়েছে ৮৯ থেকে ৯০ টাকা। আমরা সেটা বিক্রি করছি ৯২ থেকে ৯৪ টাকায়।" আরেক খুচরা ব্যবসায়ী মো. মাসুদ জানান, দুদিন আগেও দুই কেজির প্যাকেটের ময়দা তারা ৮৫ থেকে ৮৮ টাকায় বিক্রি করতেন। রোববার তা বিক্রি করছেন ৯০ থেকে ৯৪ টাকায়। ময়দার দাম বস্তা প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন রাজধানীর মৌলভীবাজারের পাইকারী ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রাজ্জাক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতি বস্তা ময়দা আমরা বিক্রি করছিলাম ২৯০০ থেকে ৩০০০ টাকায়। শনিবার থেকে তা বিক্রি হচ্ছে ৩৩০০ থেকে ৩৪০০ টাকায়।" চট্টগ্রামের ব্যাবসায়ীরা ময়দা গুদামজাত করে দাম বাড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন। হাতিরপুল বাজারের খুচরা ব্যবসায়ী মো. আরশাদ জানান, ভারতীয় পারি চাল তারা ৩২ টাকা কেজি দরে বিক্রি করছেন। দুদিন আগে এর দাম ছিল ২৯ টাকা। ৪২ টাকার মিনিকেট ৪৫ টাকায়, আর ৪০ টাকার নাজিরশাইল বিক্রি করছেন ৪২ টাকায়। পাইকারি বাজারে দাম বাড়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে আরশাদ জানান। গত দুই দিনে সব ধরনের চালই মন প্রতি ২০ থেকে ২০ টাকা বেড়েছে বলে জানান খুচরা ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুএকদিন আগে যে চাল ৪২ টাকা কেজি দরে বিক্রি করেছি, রোববার তার দাম হয়েছে ৪৮ টাকা। পেঁয়াজের দামও গত তিন দিনে প্রতি কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে। বেড়েছে সয়াবিন তেলের দামও। মসুর ডালের দাম প্রতি কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে। এছাড়া চিনির দাম বেড়েছে প্রতি কেজিতে ৫ টাকা।" টিসিবির তথ্য অনুযায়ী, গত ৭ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত ডাল, আটা, ময়দা, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজের দাম বেড়েছে। এর মধ্যে মশুর ডালের দাম প্রতি কেজিতে ৬ টাকা, আটা ২ টাকা, চিনি ৪ টাকা, সয়াবিন তেল ৫ টাকা ও পেঁয়াজ ৪ টাকা বেড়েছে। বাজারে এখন খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে, প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকায়। কারওয়ান বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, সয়াবিন তেলের সরবরাহ না থাকায় তারা তেল বিক্রি করতে পারছেন না। জাকির হোসেন নামে এক দোকানি বলেন, "সরবরাহ না থাকায় আমরা সয়াবিন তেল বিক্রি করতে পারছি না। এর ওপর কোম্পানিগুলো আবার শর্ত দিয়েছে, তিন কার্টন সয়াবিন তেল নিলে তিন কার্টন সরিষাও নিতে হবে।" একই অভিযোগ করলেন ব্যবসায়ী সিরাজুল ইসলামও। তবে অভিযোগ অস্বীকার করে সয়াবিন তেল বাজারজাতকারী প্রতিষ্ঠান রূপচাঁদার কারওয়ান বাজার বিক্রয় প্রতিনিধি আমির হোসেন বললেন, "আমাদের সরবরাহে কোনও ঘাটতি নেই। কিছু ব্যবসায়ীর আমাদের বাকি পরিশোধ না করায় তাদের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।" বাজারে মূল্যবৃদ্ধির নানা দিক বিশ্লেষন করা হচ্ছে জানিয়ে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূল্যবৃদ্ধির ঘটনার নানান দিক নিয়ে আমরা বিশ্লেষণ করছি। আন্তর্জাতিক বাজারে খাদ্যদ্রব্যের দাম বাড়ার প্রভাবই বাংলাদেশে পড়ছে। সেখানে দাম না কমলে এখানেও কমবে না।" তিনি জানান, বাংলাদেশে দেড় লাখ টন চিনি উৎপাদিত হয়। কিন্তু চাহিদা রয়েছে প্রায় ১০ লাখ টনের মতো। গত তিন-চার মাসে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখতে হলে স্থানীয় উৎপাদন বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮৪০ ঘ.