ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের জুলাই থেকে মেশিন রিডেবল (যন্ত্রের সাহায্যে পাঠযোগ্য) পাসপোর্ট ও ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা চালুর জন্য ২০১০ সালের ১ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিল।
সোমবার আন্তমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন এতে সভাপতিত্ব করেন।
সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ আবদুর রশীদ সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সময় বেঁধে দেওয়ার পর ভারতসহ ১১৫টি সদস্য দেশ এরইমধ্যে এ পদ্ধতি চালু করেছে। বাংলাদেশও এ পদ্ধতি চালুর জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার একটি পরামর্শক প্রতিষ্ঠান কাজ করছে।
তিনি জানান, প্রতিষ্ঠানটি আগামী এপ্রিলের শেষ নাগাদ এ বিষয়ে একটি প্রতিবেদন এবং আনুসঙ্গিক সরঞ্জাম কেনার জন্য একটি আন্তর্জাতিক দরপত্রের খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেবে।
অতিরিক্ত সচিব বলেন, "দরপত্রের খসড়া ও প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় মেশিন রিডেবল পাসপোর্ট চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। আগামী বছরের জুলাই থেকে এ প্রক্রিয়ায় পাসপোর্ট ও ভিসা দেওয়া হবে। তবে সব পাসপোর্ট যন্ত্রে পাঠযোগ্য করে তুলতে ২০১৫ সাল পর্যন্ত সময় লেগে যাবে।"
সভায় উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, "সভায় এক কোটি এক লাখ মেশিন রিডেবল পাসপোর্ট ও দুই লাখ ৫০ হাজার ভিসার জন্য ২৫০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। দেশীয় প্রযুক্তি ও জনবল ব্যবহার করেই এটা করা হবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরিতে এখন যে নয় হাজার কম্পিউটার ব্যবহার করছে, আগামী জুলাই মাসের পর সেগুলো পাসপোর্ট প্রকল্পে ব্যবহার করা হবে। এতে সরকারের প্রায় ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে।"
তিনি জানান, বিগত জোট সরকার আমলে মেশিন রিডেবল পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য এক হাজার ৪০০ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছিল।
মন্ত্রণালয়ের সচিব আবদুল করিম, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রব হাওলাদারসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও সেনাবাহিনীর প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়ে্িন্টফোর ডটকম/এমকে/জেকে/এমএ/১৮২০ঘ.
bdnews24