২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণে অর্থনৈতিক গতি সঞ্চারে ভূমিকা রাখবে লক্ষীপুর-ভোলা ফেরি যোগাযোগ -বিআইডব্লিওটিসি চেয়ারম্যান

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন এর চেয়ারম্যান এ এস এম আলী কবির বলেছেন, লক্ষ্মীপুর-ভোলা ফেরি যোগযোগ ব্যবস্থা দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় অর্থনৈতিক গতি সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 05:38 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন এর চেয়ারম্যান এ এস এম আলী কবির বলেছেন, লক্ষ্মীপুর-ভোলা ফেরি যোগযোগ ব্যবস্থা দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় অর্থনৈতিক গতি সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জিডিপি বৃদ্ধিতেও এর ভূমিকা থাকবে। এই ফেরি চালুর ফলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে মংলা বন্দরের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের সঙ্গে খুলনা-বরিশাল বিভাগের দূরত্ব অনেকাংশে কমে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। প্রথম উদ্যোগ নেওয়ার ১১ বছর পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু হতে যাচ্ছে। ১১ মার্চ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে। তবে ২৫ ফেব্র"য়ারি থেকেই পরীক্ষামূলকভাবে এ পথে ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিওটিসি কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে তিনটি 'কে টাইপ' মাঝারী ধরনের ফেরি চলাচল করবে। কেতকী, কন্তুরী ও কিশোরী নামের ওই তিনটি ফেরী আরিচা এবং মাওয়া থেকে নেওয়া হয়েছে। ভোলার ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট পর্যন্ত ফেরি চলাচল করবে। দূরত্ব ২৮ কিলোমিটার। সময় লাগবে কমবেশি তিন ঘণ্টা। তবে মেঘনা নদীতে বঙ্গের চর এলাকায় ড্রেজিং করলে সময়ে অর্ধেকে নেমে আসবে। এ পথে ঢাকা থেকে ভোলা যেতে ৬ ঘণ্টার মতো সময় লাগবে। পরবর্তীতে লক্ষ্মীপুরের মতির হাট থেকে চালু হলে আরও ৮ কিলোমিটার দুরত্ব কমবে। ২০০১ সালের ১৯ জুলাই বরিশাল-ভোলা রুটে লাহারহাট-ভেদুরিয়া ফেরি চলাচল শুরু হয় সড়ক ও জনপথ বিভাগের অধীনে। এ পথে রাজধানী থেকে ভোলা যেতে ৮/৯ ঘণ্টা সময় লাগে। এ এস এম আলী কবির বলেন, "এ ফেরি যোগাযোগের মাধ্যমে দ্বীপ জেলা ভোলা মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত হবে। এ জেলা মূল ভূখন্ড থেকে এতদিন বিচ্ছিন্ন ছিল। এখন ন্যাশনাল হাইওয়ের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে।" তিনি জানান, এর মাধ্যমে খুলনা ও বরিশাল বিভাগের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। তিনি বলেন, এখন আরিচা বা মাওয়া ফেরিঘাট দিয়ে চট্টগ্রাম বন্দরে যেতে হয়। আরিচা ফেরিঘাট ও সড়ক পথের ওপর যে চাপ আছে তাও কমে আসবে নতুন ফেরি যোগাযোগ স্থাপনের ফলে। লক্ষ্মীপুর-ভোলা ফেরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে জলপথের অন্যতম দুর্গম ভৌগলিক প্রতিবন্ধকতা দূর হচ্ছে মন্তব্য করে আলী কবির বলেন, "১১ বছর আগে এর কাজ শুরু হয়েছিল। এরমধ্যে বিভিন্ন ধরনের সম্ভাব্যতা যাচাই, গবেষণা, হাইওয়ে নির্মাণ করা। এখন সেটা পূর্ণমাত্রায় বাস্তবায়িত হতে যাচ্ছে।" এই ফেরি যোগাযোগ ব্যবস্থা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিআইডব্লিওটিসির চেয়ারম্যান। তিনি বলেন, "সেবা ও পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং যোগাযোগে সময় কমে যাওয়ায় দক্ষিণাঞ্চলের এ যোগাযোগ নেটওয়ার্ক দেশের প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করবে। খুলনা থেকে চট্টগ্রাম বন্দরে যেতে দু'দিন সময় লাগে। এখন এ পথে একদিনেই যাওয়া যাবে।" বিআইডব্লিওটিসির চেয়ারম্যান আরও জানান, এ রুটে চলাচলের জন্য নতুন ফেরি সংগ্রহ করতে হবে। বর্তমানে নতুন চারটি ফেরি সংগ্রহের প্রক্রিয়া চলছে। উপকূলীয় এলাকায় চলাচল উপযোগী দুটি রো রো এবং দুটি কে টাইপ ফেরি কেনা হচ্ছে। তিনি বলেন, "প্রতিদিন দশ হাজার মানুষ ভোলা থেকে উত্তাল মেঘনা, তেঁতুলিয়া ও কালাবদর নদী পাড়ি দিয়ে বৃহত্তর নোয়াখালী ও বরিশালে যাতায়ত করে। ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হয়। এখন ঝুঁকি কমবে, যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত হবে।" বিআইডব্লিওটিসির কর্মকর্তারা জানান, রাজনৈতিক কারণেই এটি এতদিন বাস্তবায়িত হয়নি। দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে একটি সমন্বিত অবস্থায় আনার জন্য গত বছর এক আন্ত:মন্ত্রণালয় বৈঠকে ভোলা-বরিশাল রুটে লাহারহাট-ভেদুরিয়া ফেরি ব্যবস্থাকে বিআইডব্লিওটিসির অধীনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিআইডব্লিওটিসির পরিচালক (কারিগরি) এম ওসমান আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বড় সমস্যা হচ্ছে অনেক এলাকায় নদীর গভীরতা কম। এ কারণে জোয়ার ধরে যেতে হচ্ছে। ঘুরে যেতে হয় বলে জ্বালানী বেশি লাগে। যাতায়ত এখন প্রকৃতির ওপর নির্ভরশীল। পূর্ণ ভাটায় যাওয়া যায় না।" পরিচালক অর্থ জয়নাল আবেদিন তালুকদার জানান, লক্ষ্মীপুর-ভোলা ফেরি চলাচল চালু করতে খুব বেশি অর্থ ব্যয় করতে হয়নি। বিদ্যমান জনবল ও কারিগরি প্রযুক্তি দিয়েই চালু করা হচ্ছে। নতুন এ ফেরি যোগাযোগের স্থাপনের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজারের সরাসরি যোগাযোগে সড়ক পথে ১৫০ কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে বলে বিআইডব্লিওটিসির কর্মকর্তা ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/জিএনএ/১১৩১ ঘ.