ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হাইকোর্টের আদেশ বিকৃত করে মিথ্যা তথ্য উপস্থাপন করায় নোয়াখালীর বেগমগঞ্জের একটি কামিল মাদ্রাসার সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ এ এইচ আবদুল হাইয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমটো) আদালত অবমানানার রুল জারি করেছে হাইকোর্ট।
তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না আগামী ২৩ মার্চের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে। পরদিন ২৪ মার্চ তাকে হাইকোর্টে হাজির হতেও বলা হয়েছে।
রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল আওয়ালের বেঞ্চ এই আদেশ দেন।
চন্দ্রগঞ্জ কারমতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ আবদুল হাইকে সাময়িক বরখাস্ত করা হলে তিনি সেই আদেশ প্রত্যাহারের জন্য মাদ্রাসার সভাপতি ও নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট আবেদন করেন। তিনি ওই বরখাস্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টেও রিট আবেদন দায়ের করেন।
নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে করা আবদুল হাইয়ের আবেদনটি এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ হাইকোর্ট গতবছর ২৬ নভেম্বর আদেশ দেয়।
কিন্তু আবদুল হাই গতবছর ৪ ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে করা এক আবেদনে হাইকোর্টের আদেশ বিকৃতভাবে উপস্থাপন করে বলেন, 'হাইকোর্ট তাকে এক মাসের মধ্যে অধ্যক্ষ পদে পুনর্বহালের আদেশ দিয়েছে।'
এরপর আবদুল হাই অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করলে আদালতের কাছে তার জালিয়াতির বিষয়টি উৎঘাটিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৯৩২ ঘ.
bdnews24