২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুরের সঙ্গে গীতা পাসির বৈঠক

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি রোববার বিএনপির একাংশের নেতা সাইফুর রহমানের সঙ্গেও বৈঠক করেছেন। একইদিন সকালে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। কয়েক সপ্তাহের মধ্যে অন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে মার্কিন দূতাবাস জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি রোববার বিএনপির একাংশের নেতা সাইফুর রহমানের সঙ্গেও বৈঠক করেছেন। একইদিন সকালে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। কয়েক সপ্তাহের মধ্যে অন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে মার্কিন দূতাবাস জানিয়েছে। মার্কিন দূুত গীতা পাসি রোববার বিকালে গুলশানে জালালাবাদ হাউজে সাইফুর রহমানের বাসায় যান। ঘণ্টাব্যাপী বৈঠকের পর গীতা পাসি সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্র রোডম্যাপ অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।" নির্বাচন প্রক্রিয়া, সরকারের সঙ্গে সংলাপ ও সংস্কার বিষয়ে বিএনপির নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিএনপির স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। তিনি বলেন, "আমরা মার্কিন দূুতকে জানিয়েছি, স্থানীয় সরকার নির্বাচনের আগেই আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন। নির্বাচন দেরি হলে দ্রব্যমূল্য পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার কারণে দেশের পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে। যত তাড়াতাড়ি সম্ভব একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।" বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ড. ওসমান ফারুক বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে আমেরিকান সেন্টার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন। গীতা পাসি রোববার সকালে জিল্লুর রহমানের বাসায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেড় ঘণ্টাকাল বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/এমএ/১৬০৯ঘ.