ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক প্রাণ গোপাল দত্ত রোববার বলেছেন, খুব দ্রুত কানের চিকিৎসা করা না হলে সাবেক প্রধানমন্ত্রী শ্রবণ প্রতিবন্ধী হয়ে যাবেন।
দুপুরে বিশেষ কারাগারে গিয়ে হাসিনার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় চক্ষু বিশেষজ্ঞ ডা. মোদাচ্ছের আলি এবং হৃদরোগ বিশেষজ্ঞ ড. এম এইচ মিল্লাত ছিলেন। তারা বেলা সোয়া ১২টার দিকে বিশেষ কারাগারে ঢোকেন এবং দুপুর আড়াইটার দিকে বেরিয়ে আসেন।
প্রাণ গোপাল জানান, শেখ হাসিনা বাম কানে একেবারেই শুনতে পান না। ডান কানে খুব অল্প শুনতে পান। অনেক সময় তিনি ঠোঁটের নড়াচড়া লক্ষ্য করে কথা বোঝার চেষ্টা করেন।
প্রাণ গোপাল বলেন, "যুক্তরাষ্ট্রে সফট্ওয়্যারের মাধ্যমে প্রোগ্রাম করে শেখ হাসিনার কানে যে হিয়ারিং এইড বসানো হয়েছিল এখন তা প্রায় অচল। যুক্তরাষ্ট্র ছাড়া আর কোথাও এই সফট্ওয়্যার নেই। এজন্য তাকে যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করাতে হবে। নিয়ম অনুযায়ী, ৫/৬ মাস পরপর তার কান পরীক্ষা করানোর কথা। অথচ ২০০৬ সালের ২৪ মার্চের পর তিনি আর যুক্তরাষ্ট্র গিয়ে চিকিৎসা নেননি।"
এ জন্য মেডিকেল বোর্ড গঠন করে দ্রুত হাসিনার চিকিৎসার ব্যবস্থা করার সুপারিশ করেছেন বলে জানান তিনি।
ডা. প্রাণ গোপাল বলেন, "আমাদের আগে শেখ হাসিনাকে আরো ৪ জন ডাক্তার দেখেছেন। এই ৭ জন একসঙ্গে বসে তার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। দেরি না করে আজই বসা যেতে পারে।"
ডা. মোদাচ্ছের আলি বলেন, "আমি তার (হাসিনা) চোখ পরীক্ষা করে দেখেছি। তার চোখে অ্যার্লাজি হয়েছে এবং প্রেসার বেড়েছে। আমি তাকে ড্রপ ব্যবহারের পরমর্শ দিয়েছি। কিন্ত তার যে অবস্থা তাতে ড্রপ দিয়ে কাজ হবে বলে মনে হয় না। ভেতরে কাটা ঘা রেখে ওপরে মলম দিয়ে কোনো লাভ নেই।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আজ আমরা যে তিনজন সাবেক প্রধানমন্ত্রীকে পরীক্ষা করলাম, তারা কেউই তাকে হাসপাতালে ভর্তির সুপারিশ করিনি। তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আস্থা পাচ্ছেন না। তবে হাসপাতালে ভর্তি হয়ে বিভিন্ন পরীক্ষা করালে ভালো হয়। হাসপাতালে ভর্তির ব্যাপারে কারা কর্তৃপক্ষের আন্তরিকতার কোনো অভাব নেই।"
ডা. মিল্লাত বলেন, একের পর এক ডাক্তার শেখ হাসিনাকে দেখছেন, কিন্ত তার চিকিৎসার ব্যাপারে কিছুই হচ্ছে না। জরুরী ভিত্তিতে তার চিকিৎসা প্রয়োজন।
শেখ হাসিনা বিদেশ যেতে রাজি আছেন কি না জানতে চাইলে এম এইচ মিল্লাত বলেন, "শেখ হাসিনা বলেছেন, তিনি ডাক্তারদের পরামর্শ শুনবেন।"
শেখ হাসিনার চিকিৎসকরা যুক্তরাষ্ট্রের 'অরল্যান্ডো ইয়ার, নোজ, থ্রোট অ্যাসেসিয়েটসট প্রাইভেট লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠানের দেওয়া চিকিৎসা সনদ সাংবাদিকদের দেখান। এতে বলা হয়েছে, ২০০৬ সালের ২৪ মার্চের পর সেখানকার চিকিৎসকরা আর হাসিনা কান পরীক্ষা করেনি। হিয়ারিং এইড বদলানো ও কানের চিকিৎসার জন্য তার দ্রুত ওই প্রতিষ্ঠানের চিকিৎসকদের সঙ্গে দেখা করা উচিৎ বলে এতে উল্লেখ করা হয়।
চিকিৎকদের সনদ এবং ডা. গোপালের বক্তব্য অনুযায়ী, হাসিনা ২০০৬ এর মার্চের পর আর যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা না নিলেও ২০০৭ সালের মার্চ ও এপ্রিলে এক মাসেরও বেশি সময় হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। সে সময় তার স্বজন ও আওয়ামী লীগ সদস্যরা জানিয়েছিলেন, নাতনি সোফিয়া ওয়াজদকে দেখতে এবং কানের চিকিৎসার জন্যই হাসিনা যুক্তরাষ্ট্রে গেছেন।
ওই সময় হাসিনা কানের চিকিৎসা নিয়েছিলেন কি না জানতে চাইলে ড. এম এইচ মিল্লাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকের সনদে বলা হয়েছে, তিনি ২০০৬ এর মার্চের পর আর ওই প্রতিষ্ঠানে চিকিৎসা নেননি। গত বছর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি কানের চিকিৎসা নিয়েছিলেন কি না তা এই মুহূর্তে আমি বলতে পারছি না।"
পরে এক প্রশ্নের জবাবে উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, "যে ৭ জন চিকিৎসক শেখ হাসিনাকে দেখেছেন, তারা এক সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন বলে ঠিক করেছেন। এ ব্যাপারে এখনই বলার কিছু নেই। যা কিছু হবে আইন অনুযায়ী হবে।"
কারা বিধির কথা উল্লেখ করে তিনি আবারও বলেন, "কারাবিধি অনুযায়ী দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ নেই।"
এর আগে গত ৬ মার্চ চর্মরোগ বিশেষজ্ঞ এম ইউ কবির চৌধুরী ও মেডিসিন বিশেষজ্ঞ এ বি এম আব্দুল্লাহ বিশেষ কারাগারে গিয়ে শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করেন। এর আগের দিন হৃদরোগ বিশেষজ্ঞ বরেণ চক্রবর্তী ও মেডিসিন বিশেষজ্ঞ এ বি এম আবদুল্লাহ এবং প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা.শাহলা খাতুন বিশেষ কারাগরে গিয়ে হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এলএইচ/জেকে/এমএ/১৭৫২ঘ.
bdnews24