ফরিদপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর এলাকায় ঢাকা-খুলনা সড়কে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে এক জন নিহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানিয়েছেন।
দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জাহিদ জানান, ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কলাবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়। হাসপাতালে ভর্তির পর মারা যান আহত বাসচালক কবীর আহমদ (৪২)।
আহতদের মধ্যে ফরিদপুর হাসপাতালে রয়েছে, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম (৫০), চট্টগ্রামের আরশাদ হাকিম (৩৫), রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুরের মোস্তফা শেখ (২৮), বাসচালকের সহকারী নাসির (৩৫), সুপার ভাইজার রফিবুল (৩২) ও ট্রাক আরোহী কলা ব্যবসায়ী মাদারীপুরের আক্কাছ হাওলাদার (৪২) ও বাবুল (৩৫)।
গুরুতর আহত সেনা কর্মকর্তা কর্নেল তানভির, ডা. আবু সিদ্দিক (৪৫) এবং ঝিনাইদহ জেলার শৈলকুপার আবুল কাহহার (৪৩) কে রাতেই ঢাকায় পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা জাহিদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহত বাসচালকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও এসআই জাহিদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪০ ঘ.
bdnews24