ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালের ৯ মার্চ ঢাকা ছিল মিছিল ও সমাবেশে উত্তাল। বঙ্গবন্ধুর আহবানে সর্বাত্মক অসহযোগে অচল ছিল প্রশাসন। অফিস-আদালতে চলে হরতাল।
আরেক সংগ্রামী নেতা ন্যাশনাল আওয়ামী পার্টি প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পল্টন ময়দানে এক সমাবেশে ২৫ মার্চের আগেই 'বাংলাদেশকে' স্বাধীনতা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহবান জানান। ভাসানী এদিন বলেছিলেন, 'পূর্ব বাংলা স্বাধীন হবেই।'
পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে লে. জেনারেল টিক্কা খানের শপথ গ্রহণের কথা ছিল এদিন। কিন্তু পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি বিএ সিদ্দিকী টিক্কা খানকে শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানান। ফলে টিক্কা খানকে "খ" অঞ্চলের সামরিক আইন প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।
একাত্তরের এই দিনে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর নির্দেশে তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে আন্দোলনের নতুন ১৬টি নির্দেশ জারি করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের জরুরি সভায় গৃহীত স্বাধীন বাংলাদেশ ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়।
সারাদেশে অসহযোগ আন্দোলন তখন চরমে পৌঁছেছে। সবাই মনেপ্রাণে প্রস্তুতি নিচ্ছিল স্বাধীনতার জন্য লড়াইয়ের। অপেক্ষা ছিল শুধু চূড়ান্ত ডাকের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৩৪৮ঘ.
bdnews24