ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া ও বাগেরহাটে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পাঁচ খামার ও আশপাশের এলাকার গৃহস্থালীর প্রায় ১১ হাজার হাঁস-মুরগি নিধন করেছেন। ধ্বংস করা হয়েছে সাড়ে পাঁচ হাজার ডিম। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় চারটি খামারের প্রায় ১০ হাজার মুরগি নিধন করে মাটি চাপা দেওয়া হয়। একই সঙ্গে ধ্বংস করা হয় সাড়ে চার হাজার ডিম। বাগেরহাটের রামপালে একটি খামার ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাড়ে নয় শত হাঁস-মুরগি নিধন ও এক হাজার এক'শ ডিম ধ্বংস করেছে পশুসম্পদ বিভাগ।
আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পশুসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ পোল্ট্রি ফার্ম, মনির পোল্ট্রি, পাপ্পু পোল্ট্রি ও রিফাত পোল্ট্রি ফার্মে মুরগি নিধন করে এগুলো পুঁতে ফেলে।
উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. শহীদুল জানান খরিয়ালার আশুগঞ্জ পোল্ট্রি ফার্মের মৃত মুরগি পরীক্ষা করে বার্ড ফ্লুর আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়ে চারটি খামারের সব মুরগি নিধন করা হয়।
এছাড়া আশপাশের এক বর্গ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে গৃহস্থালীর ৭৫টি মুরগি, দেড়'শ হাঁস ও কবুতর নিধন করা হয়। এই অভিযান চলে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত।
আশুগঞ্জ পোল্ট্রি ফার্মের মালিক নাসির শিকদার জানান, কয়েকদিন আগে তার খামারে মড়ক শুরু হলে তিনি বিষয়টি উপজেলা পশুসম্পদ কার্যালয়ে জানান। পরে পশুসম্পদ কর্মকর্তারা তার খামারের মৃত মুরগির নমুনা ঢাকা কেন্দ্রীয় পশুরোগ গবেষণাগারে পাঠায়। সেখান থেকে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত করে ফ্যাক্সবার্তা পাঠানোর পর বৃহস্পতিবার রাতে অভিযান শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল মাকসুদ জাহিদী জানান, আক্রান্ত এলাকা থেকে মুরগি বা ডিম সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর পাশাপাশি বার্ড ফ্ল' যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের একটি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) সনাক্ত হওয়ার পর শুক্রবার রাতে ঘটনাস্থলের এক বর্গ কিলো মিটার এলাকায় সাড়ে নয়'শ হাঁস-মুরগি নিধন ও এক হাজার এক'শ ডিম ধ্বংস করা হয়েছে। জেলা পশু সম্পদ বিভাগের সাতটি দল এই নিধন অভিযান চালায়।
বাগেরহাট জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম খান জানান, রাত আটটা থেকে ১২টা পর্যন্ত যৌথ বাহিনীর সহযোগিতায় ওই এলাকার একটি খামারসহ ৫৮টি বাড়ির প্রায় সাড়ে নয়'শ মুরগি, শতাধিক হাঁস, নিধন করে মাটি চাপা দেওয়া হয়। এছাড়া এক হাজার এক'শ ডিম বিনষ্ট করা হয়।
জেলা পশুসম্পদ বিভাগ জানায়, প্রতিটি দেশি হাঁস-মুরগির জন্য ৯৫ টাকা, প্রতিটি খামারের মুরগির জন্য ৯০ টাকা, প্রতিটি হাঁস ৮০ টাকা, হাঁস-মুরগির বাচ্চার জন্য ২০ টাকা, কবুতর প্রতিটি ৫০ টাকা এবং প্রতিটি ডিমের জন্য তিন টাকা হিসাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।
সোমবার রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের কাজী আনোয়ার হোসেনের মুরগি খামারে মড়কে এক হাজারের বেশি মুরগি মারা যায়। জেলা পশু সম্পদ বিভাগ মঙ্গলবার মৃত মুরগির নমুনা সংগ্রহ করে প্রথমে বরিশালে অবস্থিত আঞ্চলিক পশু রোগ অনুসন্ধান কেন্দ্রে এবং পরে ঢাকার গবেষণাগারে পাঠায়।
বৃহষ্পতিবার রাতে ঢাকা থেকে পাঠানো ফ্যাক্স বার্তায় মৃত মুরগীর শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার জীবাণু সংক্রমণ নিশ্চিত করা হয়। এরপর শুক্রবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ কমিটির জরুরি সভায় ওই এলাকায় মুরগি নিধনের সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৭ ঘ.
bdnews24