ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতা থেকে বাংলাদেশে পাঠানো শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন (৩৮) ও মো. ইসহাক আলীকে (৩৪) শনিবার ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক শ্যামল চৌধুরী বিকেলে ইমন ও ইসহাককে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। শুনানি শেষে মহানগর হাকিম মোসাম্মৎ শামসুন্নাহার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শ্যামল চৌধুরী রিমান্ড আবেদনে বলেন, কলকাতা পুলিশ এই দুই সন্ত্রাসীকে শুক্রবার বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। গত কয়েক বছর ধরে তারা কলকাতায় আত্মগোপন করে বিভিন্ন অপরাধী চক্রের যোগসাজশে গুরুতর অপরাধ করে আসছিল। তারা বিভিন্ন সময়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরেও অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
ইমন ও ইসহাককে পল্টন থানার একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে ৫৪ ধারায় আদালতে হাজির করা হয়। শুনানির সময় তাদের বুলেট প্র"ফ জ্যাকেট পরিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হয়।
আদালতে তাদের জামিনের জন্য কোনও আবেদন করা হয়নি। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে বিচারাধীন কোনও মামলার কথা উল্লেখ করেননি।
কলকাতা পুলিশ শুক্রবার সকালে বেনাপোল সীমান্তে ইমন ও ইসহাককে বাংলাদেশের সিআইডি কর্মকর্তাদের হাতে তুলে দেয়। তাদের রাতেই ঢাকায় নিয়ে আসা হয়।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ এর ৬ ডিসেম্বর কলকাতার মীর্জা গালিব স্ট্রিটের একটি ফ্ল্যাট থেকে ইমনকে এবং ২০০৮ সালের ২০ জানুয়ারি উড়িষ্যার পুরী শহর থেকে ইসহাককে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ।
আরেফ জানান, ইমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। আর ইসহাকের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে ১২টি হত্যাসহ ১৬টি মামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএ/১৮০৩ ঘ.
bdnews24