সাতক্ষীরা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানের স্ত্রী সাদিয়া খাতুনের (৩৪) মৃত্যু নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। বাথরুমে পা পিছলে মাথার পেছনে আঘাত লেগে তিনি মারা গেছেন বলা হলেও এ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাতে স্ত্রীর মৃত্যুর পর থেকে ওসির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
ওসি মিজানুর রহমানের গাড়িচালক আতিয়ার রহমান জানান, ৪ মার্চ রাতে ওসি তার স্ত্রী সাদিয়াকে চিকিৎসার জন্য পাটকেলঘাটার ডা. মধুসুদন মণ্ডলের ক্লিনিকে নিয়ে যান। ডাক্তারকে বলা হয় তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর সাদিয়াকে খুলনায় সার্জিক্যাল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ৬ মার্চ সন্ধ্যায় ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
ডা. মধুসূদন জানিয়েছেন, সাদিয়া খাতুনের শুধু মাথার পেছন দিকে জখমের চিহ্ন ছিল। তিনি বলেছেন, বাথরুমে পড়ে গেলে শরীরের অন্যান্য স্থানেও আঘাত লাগার কথা ছিল। সাদিয়াকে আঘাত করা হয়ে থাকতে পারে বলে তার ধারণা।
সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মীর্জা আব্দুল্লাহেল বাকী এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে ওসি মিজানুর রহমান তাকে মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যুর খবর জানান। এর পর থেকে তার সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এসপি জানান, ঘটনাটি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে।
ওসির গাড়ি চালক আতিয়ার রহমান বলেছেন, সাদিয়া আহত হওয়ার দিনই পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। খবর পেয়ে ওসি তাকে পথ থেকে পাটকেলঘাটায় ফিরিয়ে আনেন।
ওসি মিজানুর রহমানের দুই স্ত্রী জানিয়ে আতিয়ার রহমান বলেন, প্রথম স্ত্রী ঢাকার মিরপুরে থাকেন। সাদিয়া ছিলেন তার দ্বিতীয় স্ত্রী এবং তিনিও ঢাকাতেই অন্য একটি বাসায় থাকতেন। ২৫ ফেব্র"য়ারি সাদিয়া তার কন্যা সন্ধিকে (১০) নিয়ে পাটকেলঘাটায় স্বামীর সরকারি বাসায় আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২২৪১ঘ.
bdnews24