ভোলা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সি এম করিম বলেছেন, ভর্তুকি মূল্যের সার প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। তিনি বলেন, "সরকার চলতি বছর চার হাজার কোটি টাকা সারে ভর্তুকি দিয়েছে। কৃষি ঋণ সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে হবে। স্থানীয়ভাবে উৎপাদন বাড়াতে পারলে আমদানি কমবে।"
শুক্রবার ভোলা সদরের ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে কৃষকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
ভোলা জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কৃষকরা তাদের কৃষি ঋণের সুদ মওকুফ, ডিজেলে ভর্তুকি, সেচ খাল সংস্কার, নদী ভাঙন রোধ, পাকা ড্রেন নির্মাণ। নদীতে বাগদা ও গলদা পোনা সংগ্রহের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জেলেদের পুনর্বাসনসহ বিভিন্ন দাবি জানান।
এসব দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা ড. সি এস করিম বলেন, "সরকার কৃষকদের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গলদা পোনা সংগ্রহের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করব।"
ভোলা জেলা শহররক্ষা প্রকল্পের কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মতবিনিময় সভার আগে কৃষি উপদেষ্টা ধনিয়া ইউনিয়নের বোরো ধানের দুটি ব্লক সরজমিনে পরিদর্শন করেন। এ সময় চাষীদের জমিতে মাত্রাতিরিক্ত সার ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।
পরে উপদেষ্টা জেলার দৌলতখান উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মেঘনা তীর সংরক্ষণ প্রকল্পের কাজ ঘুরে দেখেন। এ সময় পাউবোর উর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24