ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে শুক্রবার ধানমন্ডি লেকের পারে রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানালেন হাজারো মানুষ।
বিশ্বের অন্যসব দেশের মতো বাংলাদেশেও শনিবার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে। এবারের দিবসের স্লোগান 'নারী ও কন্যা শিশুর উন্নয়নে বিনিয়োগ'।
দিবসটিকে সামনে রেখে শুক্রবার বিকেলে রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে 'নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতন পুরুষের অংশগ্রহণ' শীর্ষক এই সমাবেশের আয়োজন করে এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) ও দৈনিক প্রথম আলো।
এসিড-সন্ত্রাস বিরোধী ব্যানার ও প্ল্যাকার্ডে সাজানো মুক্তমঞ্চে কয়েক হাজার লোকের এই সমাবেশে কয়েকজন এসিড দগ্ধ নারীও উপস্থিত ছিলেন।
সমাবেশে অধ্যাপক কবীর চৌধুরী বলেন, "শোষণমুক্ত গণতান্ত্রিক দেশ নির্মাণে আমাদের আরো অনেকদূর যেতে হবে। সেজন্য নারী ও শিশুদের পথ সুগম করতে হবে।"
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, "এসিড- সন্ত্রাস বন্ধ করতে আমাদের সবার দায়িত্ব নিতে হবে। আমরা এই কলঙ্ক থেকে মুক্তি চাই। বাংলাদেশে নারী নির্যাতন বন্ধ করতে চাই। আপনারা সবাই এসিড সন্ত্রাসকে 'না' বলুন।"
ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, "এসিড নিক্ষেপের মধ্যে কোনও পুরুষত্ব নেই। যারা এটি করে তারা কাপুরুষ। আসুন আমরা তাদের ঘৃণা করি।"
এসিড -সন্ত্রাসের শিকার হাসিনা আখতারও এই সমাবেশে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমার মতো আর কোনো নারীকে যেন এসিডে ঝলসে যেতে না হয়- এটাই কামনা করি।"
পোশাক কারখানার কর্মী এনায়েত কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের দেশে নারীরা প্রায়ই নির্যাতনের শিকার হয়। এটা অমানবিক। আমরা কি এর বিরুদ্ধে দাঁড়াতে পারি না? আমরা এর প্রতিকার চাই।"
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিল্পী মুস্তফা মনোয়ার, সমকাল সম্পাদক আবেদ খান, সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ, যাদুশিল্পী জুয়েল আইচ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, পুলিশের এআইজি মো. মোজাম্মেল হোসাইন, আমেরিকান চেম্বারের সভাপতি সৈয়দ এরশাদ হোসেন, সেভ দ্য চিলড্রেন (সুইডেন-ডেনমার্ক) বাংলাদেশ প্রতিনিধি নেলস বেন্টজেন পিডারসন, মডেল আদিল হোসেন নোবেল প্রমুখ।
অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন এএসএফের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম শওকাত হোসেন। সমাবেশ পরিচালনা করেন ম. হামিদ ও এএসএফের নির্বাহী পরিচালক মনিরা রহমান।
সমাবেশে বক্তৃতার ফাঁকে ফাঁকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন আইয়ুব বাচ্চু, ফকির আলমগীর, কনক চাপা, শুভ্র দেব, মাহমুদুজ্জামান বাবু, হায়দার হোসেনসহ বেশ কয়েকজন শিল্পী। আবৃত্তি করেন শিমুল মোস্তফা। এছাড়া সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে এসিড সন্ত্রাসের শিকার নারীদের প্রতি সংহতি জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এসকে/২০৩৫ঘ.
bdnews24