২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যা প্রচেষ্টার ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে মিথ্যাভাবে জড়ানো এবং নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ এনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগের ওই নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 08:43 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যা প্রচেষ্টার ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে মিথ্যাভাবে জড়ানো এবং নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ এনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগের ওই নেতা। বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. আব্বাস ভূঁইয়া। বাদির জবানবন্দি গ্রহণ ও শুনানি শেষে মহানগর হাকিম এমরান হোসেন চৌধুরী আগামী ১৫ জুনের মধ্যে পুলিশের গোয়েন্দা শাখার উপ পুলিশ কমিশনারকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন, রমনা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপ-পরিদর্শক রেজাউল করিম, উপ-পরিদর্শক নাসের আলী ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন। আব্বাস মামলার এজাহারে অভিযোগ করেন, ২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি অধ্যাপক ড. হুমায়ুন আজাদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে ২৮ ফেব্র"য়ারি মিছিল করতে গেলে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরে নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রমনা থানায় নিয়ে গিয়ে ওই পুলিশ কর্মকর্তারা বেদম মারধর করে তার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালায়। তবে তদন্ত শেষে আব্বাসের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আব্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জোট সরকারের সময় ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় ছিল বলে আমি সে সময় মামলা করিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/এমআই/১৭৫৮ ঘ.