২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আড়াই হাজার মুরগি নিধন

বার্ড ফ্লু ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর গ্রামে মঙ্গলবার রাতে আড়াই হাজার মুরগি নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 07:17 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

বাগেরহাট, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর গ্রামে মঙ্গলবার রাতে আড়াই হাজার মুরগি নিধন করা হয়েছে। লখপুর গ্রামের দুটি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) সনাক্ত হবার পর ওই এলাকায় রেড এলার্ট জারি করা হয়। খামার দুটির চার পাশে এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রাতভর এ নিধন অভিযান চালায় জেলা পশুসম্পদ বিভাগ। জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. রুস্তম খান সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত যৌথবাহিনীর সহায়তায় ওই গ্রামের ৮০টি বাড়ির আড়াই হাজার মুরগি, ১১টি হাঁস ও ৫২টি কবুতর নিধন এবং সাড়ে তিন হাজার ডিম ধ্বংস করা হয়েছে। তিনি জানান, শনি ও রোববার লখপুর গ্রামের মিজানুর রহমান পলাশ ও ইনতাজ মোল্লার খামারে অনেক মুরগি মারা যায়। পশুসম্পদ বিভাগ রোববার মৃত মুরগির নমুনা প্রথমে বরিশালে পশু রোগ অনুসন্ধান গবেষণাগারের আঞ্চলিক কার্যালয়ে এবং পরে ঢাকায় পাঠালে বার্ড ফ্লু ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর মঙ্গলবার বিকালে বাগেরহাটের জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ কমিটির সভায় ওই এলাকার সব মুরগি নিধনের সিদ্ধান্ত হয় বলে পশুসম্পদ বিভাগ জানায়। ডা. রুস্তম খান জানান, ক্ষতিগ্রস্তদের প্রতিটি দেশি হাঁস-মুরগির জন্য ৯৫ টাকা, ফার্মের মুরগির জন্য ৯০ টাকা, কবুতরের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডিমের জন্য তিন টাকা হিসাবে ক্ষতিপূরণ দেওয়া হবে। পশুসম্পদ কর্মকর্তা জানান, সোমবার রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের কাজী আনোয়ার হোসেনের খামারে সহস্রাধিক (লেয়ার) মুরগি মারা গেছে। এর নমুনাও ঢাকায় পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩১৩ ঘ.