ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমা লঘুচাপের প্রভাবে মঙ্গলবার ভোররাতে ঢাকা, কুমিল্লা, বগুড়া, নীলফামারী, সিলেটসহ দেশের কয়েকটি স্থানের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। এতে কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে প্রচুর গাছপালা। খুঁটি উপড়ে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রে কর্তব্যরত আবহাওয়াবিদ আয়েশা খাতুন মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ের সময় ঢাকায় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার। কুমিল্লা ও সিলেটে বাতাসের গতিবেগ ছিল যথাক্রমে ঘণ্টায় ৫২ এবং ৪৯ কিমি ।
বগুড়ায় সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকা, সিলেট এবং কুমিল্লায় রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে ৮, ৭ এবং ৪ মিমি।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে আরও ২/১ জায়গায় ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া শেষ রাতে নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বগুড়া প্রতিনিধি জানান, রাত সোয়া ১টার দিকে ৫ মিনিটের ঝড়ে কাহালু, গাবতলী, সোনাতলা ও সদর উপজেলায় কয়েকশ ঘর বিধ্বস্ত হয়েছে। অন্য উপজেলাগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাহালু ও গাবতলী উপজেলায়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
ক্ষয়ক্ষতি দেখতে জেলা প্রশাসক মঙ্গলবার সকালে সোনাতলা উপজেলায় যান।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ওমর আলী জানান, ঝড়ে বিভিন্ন স্থানে ২৫টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এর ফলে অনেক এলাকা বিদ্যুৎহীন রয়েছে।
বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করতে মঙ্গলবার সন্ধ্যা লেগে যেতে পারে বলে ওমর আলী জানান।
পিডিবি'র নির্বাহী প্রকৌশলী এনামুল করিম জানান, ঝড়ে বিদ্যুতের কয়েকটি খুঁটি উপড়ে পড়ায় শহরে বিদ্যুৎ সরবরাহ বিঘি
bdnews24