২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলা চ্যানেল' পাড়ি দিলেন লিপটন ও ফজলুল করিম

সফলভাবেই 'বাংলা চ্যানেল' পাড়ি দিলেন লিপটন সরকার ও ফজলুল করিম সিনহা। মঙ্গলবার শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বঙ্গোপসাগরের এই চ্যানেল সাঁতরে পার হতে লিপটন সরকার সময় নিয়েছেন ৩ ঘন্টা ৩৫ মিনিট। তার ২৫ মিনিট পর সেন্টমার্টিন উপকূলে পৌঁছান ফজলুল করিম সিনহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

কক্সবাজার, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফলভাবেই 'বাংলা চ্যানেল' পাড়ি দিলেন লিপটন সরকার ও ফজলুল করিম সিনহা। মঙ্গলবার শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বঙ্গোপসাগরের এই চ্যানেল সাঁতরে পার হতে লিপটন সরকার সময় নিয়েছেন ৩ ঘন্টা ৩৫ মিনিট। তার ২৫ মিনিট পর সেন্টমার্টিন উপকূলে পৌঁছান ফজলুল করিম সিনহা। প্রতিযোগিতার আয়োজক সংগঠন স্ট্রিম বাংলার ব্যবস্থাপনা পরিচালক কাজী হামিদুল হক জানান, টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে সাঁতার শুরু করেন দুই প্রতিযোগী লিপটন ও ফজলুল করিম। লিপটন দুপুর ১২টা ২০ মিনিটে প্রথম সেন্টমার্টিন উপকূলে পৌছান। তার ২৫ মিনিট পর দুপুর ১২টা ৪৫ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে তীরে পৌঁছান ফজলুল করিম। তাদের নিরাপত্তা দিয়েছে রেসকিউ স্কোবা ডাইভিং নামের একটি সংগঠন। তিনি জানান, শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিনের দূরত্ব ১৪ কিলোমিটার হলেও প্রতিযোগীদের ১৭ কিলোমিটার সাঁতার কেটে সেন্টমার্টিন পৌঁছাতে হয়েছে। লালমনিরহাটের লিপটন সরকার ও ঢাকা ফজলুল করিম সিনহা স্ট্রিম বাংলার ম্যানেজিং পার্টনার। রেসকিউ স্কোবা ডাইভিং-এর পরিচালক কে এম মুজিবুর রহমান জানান, তিনি নিজেই একটি স্পিডবোট নিয়ে প্রতিযোগীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এছাড়া দুজন প্রশিক্ষিত ডুবুরি ছিলেন দুই সাঁতারুর পাশে। স্ট্রিম বাংলার কর্মকর্তা কাজী হামিদুল হক জানান, ২০০৬ সালের ১৪ জানুয়ারি প্রথমবারের মতো 'বাংলা চ্যানেল ক্রসিং অভিযান' নামের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইংলিশ চ্যানেলের আদলে 'বাংলা চ্যানেল' নাম দিয়ে শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত সমুদ্রপথ পাড়ি দেওয়ার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবার দুজন মাত্র প্রতিযোগী অংশ নিলেও আগামীতে আরও বড় আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/