বাগেরহাট, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় আনছার আলী খান (৫৫) নামে খুলনার একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে প্রাইভেট কার চালিয়ে গোপালগঞ্জ যাওয়ার পথে ফকিরহাট উপজেলার ফলতিতা-কেন্দুয়া ব্রিজের রেলিঙের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, আনছার আলী খান খুলনার অগ্রণী ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী। তার বাড়ি খুলনা শহরের কেডিএ এভিনিউ এলাকায়।
আনছার আলী খান সোমবার সকালে নিজে প্রাইভেট কারটি চালিয়ে খুলনা-মাওয়া সড়ক পথে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে কেন্দুয়া ব্রিজের রেলিঙে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তার অপর দুই সহযাত্রী অক্ষত আছেন। তাদের পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৩ ঘ.
bdnews24