চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা অস্ত্র মামলাটি আবারও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মাধ্যমে তদন্ত করার আবেদন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার।
সিএমপি কমিশনার এম আকবর আলী সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহর আদালতে এই আবেদন জানান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা জানান, আগামী বুধবার আবেদন শুনানির দিন ধার্য করেছে আদালত। এই জন্য নিু আদালতে থাকা মামলাটির নথিপত্রও তলব করা হয়েছে।
তিনি জানান, এর আগে দুইবার দাখিল করা অভিযোগপত্রে নানা অসঙ্গতি থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি সৎ ও যোগ্য কর্মকর্তার মাধ্যমে অধিকতর তদন্তের জন্য গত ১২ ফেব্র"য়ারি সিএমপি কমিশনারকে নির্দেশ দেন।
সিআইডি দুই দফা তদন্ত করায় এবং এ ধরনের স্পর্শকাতর মামলার ব্যাপারে এই বিভাগটি বেশি অভিজ্ঞ হওয়ায় কমিশনার অধিকতর তদন্তের দায়িত্বও এই বিভাগকে দেওয়ার আবেদন জানান।
আহসানুল হক হেনা আরও জানান, সিআইডি বা পুলিশের গোয়েন্দা বিভাগ যে কারও মাধ্যমে মামলাটির তদন্ত হলে তাদের আপত্তি থাকবে না। তবে যেহেতু আগে এএসপি পদমর্যাদার দুজন কর্মকর্তা মামলাটি তদন্ত করেছেন তাই তারা চান এবার আরও ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তদন্ত হোক।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র খালাসের সময় আটক করা হয়। এই ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে কর্ণফুলী থানায় পৃথক দুটি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২০২৮ ঘ.
bdnews24