২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নিপাহ ভাইরাস জনিত রোগের ব্যাপারে সতর্ক করে মাইকিং

'নিপাহ ভাইরাস' জনিত রোগ সম্পর্কে সতর্ক করে জেলা স্বাস্থ্য বিভাগ এলাকায় এলাকায় মানুষকে বাদুড়ে খাওয়া ফল ও অন্যান্য দ্রব্য না খাওয়ার পরামর্শ দিচ্ছে। সোমবার সদর উপজেলার বিলমাহমুদপুরে মাইকিং করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ফরিদপুর, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নিপাহ ভাইরাস' জনিত রোগ সম্পর্কে সতর্ক করে জেলা স্বাস্থ্য বিভাগ এলাকায় এলাকায় মানুষকে বাদুড়ে খাওয়া ফল ও অন্যান্য দ্রব্য না খাওয়ার পরামর্শ দিচ্ছে। সোমবার সদর উপজেলার বিলমাহমুদপুরে মাইকিং করা হয়েছে। রোববার জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের রাকিব (৮) 'নিপাহ ভাইরাস' জনিত রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানে আরও তিনজন হাসপাতালে ভর্তি আছে। এরা হলেন- সদর উপজেলার ভাবুকদিয়া গ্রামের হারুন মোল্লা (৩), সদরপুর উপজেলার চরডুবাইলের দীপু (২৮) ও বোয়ামারী উপজেলার রাওয়াকান্দির কবিতা (৩২)। রাজবাড়ী জেলায় এই রোগে আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর পর আইইডিসিআর ও আইসিডিডিআরবির একটি বিশেষ চিকিৎসক দল সদর হাসপাতারে চিকিৎসাধীন রোগীদের রক্ত, মেরুদন্ডের রস ও মুখের লালা ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর রোগের কারণ নিপাহ ভাইরাস বলে নিশ্চিত হয়। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মতিয়ার রহমান জানান, আজ (সোমবার) তাকে প্রধান করে গঠিত বিশেষ চিকিৎসক দলের সভা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন করে আক্রান্তের খবর পাওয়া যায়নি। এলাকায় এলাকায় মানুষকে সতর্ক করে বাদুড়ে খাওয়া ফল ও অন্যান্য দ্রব্য না খাওয়ার পরামর্শ দিয়ে মাইকিং করা হচ্ছে। তিনি জানান, বাদুড়ে খাওয়া খাদ্য যেমন- কাঁচা খেজুর রস, তালের রস, সফেদা, জাম ইত্যাদি ফল খেলে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। ফরিপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. এম হক শাহীন জানান, চিকিৎসাধীন তিনজনের অবস্থা অপরিবর্তিত আছে। নতুন করে এই রোগে আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.