২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন সায়াহ্নে এসে স্বীকৃতি পেলেন মুক্তিযোদ্ধা লস্কর

স্বাধীনতার ৩৫ বছর পর স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী লস্কর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আল-ইমরান শোভনকে অভিমানী কণ্ঠে বললেন, "ভাতার লাইগা যুদ্ধ করি নাই। কিন্তু যে দেশে মুক্তিযুদ্ধের ৩৫ বছর পর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাই, সে দেশে বাঁইচা থাইকা লাভ কী?" জীবন সায়াহ্নে এসে এখন ফেরি করে জীবন চলে এ বীর যোদ্ধার। স্বাধীন ভূমিতে মুক্তিযোদ্ধাদের দুর্দিন আর রাজাকারদের প্রতিষ্ঠায় রীতিমতো ক্ষুব্ধ তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 07:18 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

আল-ইমরান শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি চাঁদপুর, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৩৫ বছর পর ২০০৬ সালে স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী লস্কর। অভিমানী কণ্ঠে বললেন, "যে দেশে মুক্তিযুদ্ধের ৩৫ বছর পর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাই, সে দেশে বাঁইচা থাইকা লাভ কী?" জীবন সায়াহ্নে এসে এখন ফেরি করে জীবন চলে এ বীর যোদ্ধার। মেঘনায় বাড়ি-ঘর হারিয়ে ওয়াপদা বেড়িবাঁধের ঠাঁই নিয়ে আছেন। স্বাধীন ভূমিতে মুক্তিযোদ্ধাদের দুর্দিন আর রাজাকারদের প্রতিষ্ঠায় রীতিমতো ক্ষুব্ধ তিনি। তারপরও মৃত্যুর আগে রাজাকার-যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চান ৬৩ বছর বয়সী এ মুক্তিসেনা। মোহাম্মদ আলী লস্করের বাড়ি ছিল চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের সাখুয়া গ্রামে। কিন্তু এখন তার চিহ্ন নেই। হারিয়ে গেছে মেঘনাগর্ভে। সদর উপজেলার বহরিয়া ইউনিয়নের পুরনো ওয়াপদা বেড়িবাঁধের রাস্তার পাশে জীর্ণশীর্ণ একটি দোচালা ঘরে ঠাঁই নিয়েছেন স্ত্রী-সন্তানদের নিয়ে। মাথায় একটি ঝাঁকা নিয়ে বিভিন্ন জিনিসপত্র ফেরি করে যা আয় হয়, তা দিয়েই সংসার চালিয়ে নিতে হচ্ছে। তবে বয়সের ভারে নুয়ে পড়া লস্কর এখন আর ঠিকমতো ফেরিও করতে পারছেন না। প্রায়ই ভুগতে হয় নানা ধরনের অসুখে। মুক্তিযোদ্ধা লস্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবা এল্লিগাই কি দেশ স্বাধীন করছিলাম। যুদ্ধের ৩৫ বছর পর আমারে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাইতে অইছে। ভাতা পাওনের লাইগা যুদ্ধ করি নাই। দেশের টানে যুদ্ধে নামছিলাম। সেই স্বীকৃতিটা চাইছিলাম। অনেক জায়গায় গেছিলাম কিন্তু কেউ স্বীকৃতি দিতে চায় নাই। বউ, পোলা, মাইয়া লইয়া এহন আমারে অভাবে দিন কাটাইতে অইতেছে। ফেরি কইরা যা পাই, তাই দিয়া কোনোরকম চাল-ডাল কিনা খাওন লাগতাছে। কেউ আমারে সাহায্য করে না।" মোহাম্মদ আলীর পাঁচ মেয়ে ও পাঁচ ছেলে। ছেলেদের মধ্যে চার জনই বিয়ে করে আলাদা থাকে। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। এখন দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীর সংসারের ঘানি টানছেন তিনি। জানালেন, "কোনদিন ৩০ টাকা, কোনদিন ৪০ টাকা আয় হয়; এ দিয়েই চালিয়ে নিতে হয়।" ১৯৬৯ সালে গণঅভ্যূত্থানে সক্রিয়ভাবে অংশ নেন মোহাম্মদ আলী লস্কর; '৭০-এর নির্বাচনে বাঙালির বিজয়ের জন্য গ্রামে-গঞ্জে প্রচারণায়ও নামেন। তিনি বলেন, "আমার ওই সক্রিয়তা সহ্য করতে পারেনি পাকিস্তানিদের দালালরা। জুলুম-নির্যাতন শুরু হলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে চলে আসি শ্বশুরবাড়ি বহরিয়া গ্রামে। সেখানেই জন্ম হয় বড় মেয়ে কুলসুমের।কিন্তু দেশ মাতৃকার ডাকে স্ত্রী-সন্তানকে বাড়িতে রেখেই যুদ্ধে যাই।" ঘর থেকে বেরিয়ে মোহাম্মদ আলী ইব্রাহিমপুর ইউনিয়নের ইঙ্গুলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক কাজী নুরুল আলমের সঙ্গে দেখা করেন। নুরুল আমিন বাখরপুর ইউনিয়নের নন্দী স্কুলে তাকে নিয়ে যান। সেখানে আরও ক'জনকে একত্রিত করে নুরুল আমিন প্রশিক্ষণ দেন। স্থানীয় রাজাকারদের অত্যাচারে সেখানে তারা বেশিদিন থাকতে পারেনি। সেখান থেকে তারা হাইমচর ইউনিয়নের গণ্ডামারা এলাকায় চলে যান। সেখানে গিয়ে কখনও নৌকার মাঝি সেজে, কখনও দিনমজুর সেজে, কখনওবা ফেরিওয়ালা সেজে পাক হানাদারদের ওপর আক্রমণ চালিয়ে যেতে থাকেন। '৭১ এ পাকবাািহনীর সঙ্গে সম্মুখ সমরেও অংশ নিয়েছিলেন মোহাম্মদ আলী। দিন তারিখ মনে নাই। তবে অনেক ঘটনাই মনে আছে তার। বললেন, "একদিন চাপিলা গ্রামে পাক বাহিনীর সঙ্গে যুদ্ধ বেঁধে যায়। বৃষ্টির মত গুলি ছুড়তে থাকে হানাদাররা। আমরা তখন একটি কাওলা ক্ষেতে শুয়ে পড়ি। এক সময় বুঝতে পারি হানাদারদের গুলি শেষ হয়ে গেছে। তখন আমরা ঝাঁপিয়ে পড়ি তাদের ওপর। সে যুদ্ধে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়। আমাদের আক্রমণের মুখে পিছু হটে হানাদার বাহিনী চাঁদপুরে জেলা সদরে চলে আসতে বাধ্য হয়।" মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে আরেকটি সমরের কথা লস্করের স্মৃতিতে উজ্জ্বল। "শেষ যুদ্ধটা করছিলাম ভৈশের হাটে। ওইদিন ছিল ডিসেম্বরের ৮ তারিখ। আমরা নদীর পাড় দিয়ে চাঁদপুরের দিকে এগুচ্ছিলাম। দেখি একটা বড় জাহাজ পাকিস্তানি সেনাদের নিয়ে বরিশাল থেকে চাঁদপুর আসছে। সঙ্গে সঙ্গে আমরা নদীতে সাঁতরিয়ে চরে পৌঁছে জাহাজ লক্ষ করে গুলি চালাতে শুরু করি। আমাদের আক্রমণের মুখে জাহাজটি মাঝ নদী থেকে ঢাকার দিকে ফিরে যায়।" নিজের দারিদ্র্য নিয়ে খুব বেশি অনুযোগ নেই মুক্তিযোদ্ধা লস্করের। তবে অনুযোগ রয়েছে, তার স্বীকৃতি দিতে এত দেরি হলো কেন। তারপরও ৩৫ বছর স্বীকৃতি মেলাও একটি প্রাপ্তি বলে মনে করেন তিনি। এরমধ্যেও স্বাধীন দেশে যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠা ও আস্ফালনে ক্ষোভ রয়েছে মোহাম্মদ আলীর। বলেন, "যারা যুদ্ধের সময় পাক হানাদারগোরে সাহায্য করছে, সেই রাজাকাররা অহন দামি গাড়িতে চইড়া ঘুইরা বেড়ায়। আর মুক্তিযোদ্ধারা অভাবে থাকে।" "এরাই যুদ্ধের সময় আমাগো দেশের বিরুদ্ধে কাজ করছিল। আমি বাঁইচা থাকতে এই রাজাকারগো বিচার দেইখা যাইতে চাই", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০১ ঘ.