ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। সোমবার হাসিনা বিদ্যুৎ কেন্দ্র দুর্র্র্নীতি মামলায় সংসদ ভবন এলাকায় বিশেষ আদালতে আসার পর তার আইনজীবীরা সাংবাদিকদের এ কথা জানান।
শেখ হাসিনার সঙ্গে কথা বলার পর বিশেষ জজ আদালতের বাইরে তার আইনজীবী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, "স্কয়ার হাসপাতালে তাকে ডাক্তার দেখানো হয়নি, বুড়িছোঁয়ার মতো দেখানো হয়েছে। তার যে অসুখ, তার চিকিৎসা যুক্তরাষ্ট্র ছাড়া সম্ভব নয়।"
দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগে শেখ হাসিনা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান তার আইনজীবীরা ।
আইনজীবীরা আরো জানান, তিনদিন হল শেষ হলেও এখনও তাকে ওষুধ দেয়া হয়নি বলে শেখ হাসিনা তাদেরকে জানিয়েছেন। হাসিনা বলেছেন, তার ফুপু চোখের অসুখ সম্পর্কে মিডিয়াকে জানিয়েছিলেন বলেই তার চোখ বেঁচে গেছে।
এছাড়া আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা না করতে দেওয়ায় শেখ হাসিনা আবার ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানালেন আইনজীবীরা। তারা বলেন, হাসিনা জেলারকে বলেছেন, "জেল কোড অনুযায়ী আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা না করতে দেওয়ায় আমি আপনাদের বিরুদ্ধে মামলা করতে পারি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/এসকে/১২৪১ঘ.
bdnews24