২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় এনজিওতে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বাংলাদেশ রুরাল ডেভলপমেন্ট সোসাইটি (বিআরডিএস) নামের একটি বেসরকারি সংস্থা এর বিভিন্ন প্রকল্পে চাকরি দেওয়ার নামে অন্তত তিন'শ লোকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ তুলেছেন সংস্থার প্রতারিত কর্মকর্তা-কর্মচারিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

বগুড়া, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রুরাল ডেভলপমেন্ট সোসাইটি (বিআরডিএস) নামের একটি বেসরকারি সংস্থা এর বিভিন্ন প্রকল্পে চাকরি দেওয়ার নামে অন্তত তিন'শ লোকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ তুলেছেন সংস্থার প্রতারিত কর্মকর্তা-কর্মচারিরা। রোবার সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা সংস্থার চেয়ারম্যান মো. ইছাহাক আলী সরকার, তার স্ত্রী ও সংস্থার ভাইস চেয়ারম্যান শাহীন আকতার আরজু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে এই অভিযোগ করেন। কর্মকর্তা-কর্মচারিরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে কর্মকর্তা-কর্মচারিদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সংস্থার জয়পুরহাট জেলা সমন্বয়কারী হিসেবে নিয়োগ পাওয়া নাসরিন রহমান। তার বাড়ি নাটোরে। তিনি অভিযোগ করেন, গত বছরের মাঝামাঝি বিজ্ঞপ্তি দিয়ে বিআরডিএস বিভিন্ন প্রকল্পে জেলা ও উপজেলা সমন্বয়ক (কো-অর্ডিনেটর), প্রশিক্ষক (ট্রেইনার), মাঠ পর্যায়ে সংগঠক (ফিল্ড অর্গানাইজার), অফিস সহকারীসহ বিভিন্ন পদে তিন শতাধিক লোক নিয়োগ দেয়। নিয়োগের পর তাদের কাছ থেকে প্রশিক্ষণের জন্য ও জামানত হিসেবে জনপ্রতি পদ ভেদে ১২ থেকে ৫০ হাজার টাকা নেওয়্ াহয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৩৮জনকে জয়পুরহাটে ঠেঙ্গামারা মহিলা সংস্থা-টিএমএসএস নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) এবং আরও কয়েকজনকে ময়মনসিংহে প্রশিকার প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়। প্রশিক্ষণের পর তাদের পদায়ন না করে বসিয়ে রাখা হয়। এ সময় তারা বেতন দাবি করলে সংস্থার জয়পুরহাটের প্রধান কার্যালয় বন্ধ করে চেয়ারম্যান ইছাহাক আলী সরকারসহ ওই কর্মকর্তারা গা ঢাকা দেন। লিখিত বক্তব্যে জানানো হয়, ক্ষেতলালের ফুলদীঘি দুস্থ মহিলা উন্নয়ন সমিতির পক্ষ থেকে মনছুর রহমান ইছাহাক আলীর বিরুদ্ধে গত বছর ৭ জুন জয়পুরহাট সদর থানায় অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে। তার বিরুদ্ধে থানায় আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক আজ ও আগামীকাল এর প্রতিবেদক মতিউল ইসলাম নিয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিআরডিএস এর চেয়ারম্যান ইছাহাক আলী সরকারের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। তিনিও এই সংস্থায় চাকরি নিয়ে প্রতারিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০১ ঘ.