মৌলভীবাজার, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )-- বড়লেখা উপজেলার সমনভাগ চা বাগানে শনিবার রাতে একজন মুদি দোকানিকে অপহরণের চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। দলের অন্যরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
তাদের ফেলে যাওয়া ২টি বন্দুক, একটি দা, একটি ভারতীয় ককটেল ও কিছু মরিচের গুঁড়া উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও চা-বাগানের লোকজন জানায়, শনিবার রাত ১২টার দিকে উপজেলার সমনভাগ চা-বাগানের মুদি দোকানি গণেশ মাদ্রাজি (৪৫) দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করার চেষ্টা করে। মাদ্রাজি চিৎকার করলে বাগানের পাগলা ঘন্টা বাজানো হয়। পাগলা ঘন্টা শুনে চা-শ্রমিক ও আশপাশ এলাকার লোকজন এসে দুর্বৃত্তদের ধাওয়া করে কান্তি বিকাশ চাকমা নামে একজনকে ধরে ফেলে।
খবর পেয়ে বড়লেখা থানার পুলিশ ভোররাতে সমনভাগ চা বাগানে গেলে কান্তি বিকাশ চাকমাকে তাদের কাছে সোপর্দ করা হয়। কান্তি বিকাশ ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার চিকাছড়া এলাকার চাকমা বস্তি গ্রামের শান্তিমণি চাকমার ছেলে বলে পুলিশকে জানিয়েছে।
এই ঘটনায় বড়লেখা থানায় একটি মামলা হয়েছে।
বড়লেখা উপ-পরিদর্শক জাহাঙ্গির কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথামিক জিজ্ঞাসাবাদে কান্তি বিকাশ জানিয়েছেন তিনি প্রায়ই সমনভাগ ও পার্শ্ববর্তী জামকান্দি এলাকায় আসা যাওয়া করতেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হবে বলেও তিনি জানান।
সমনভাগ চা-বাগানের ব্যবস্থাপক শাজাহান আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "পাগলা ঘন্টা বাজানোর কারণে গণেশ মাদ্রাজি দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24