২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লুর কারণে চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি খামার

বার্ড ফ্লু সংক্রমণের কারণে চট্টগ্রামে এই পর্যন্ত সাতটি মুরগির খামার প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিধন করা হয়েছে ২৯ হাজার ৭৫০টি মুরগি। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় ২১ লাখ টাকা। শবিার চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে বার্ড ফ্লু সংক্রান্ত এক পর্যালোচনা সভায় এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণের কারণে চট্টগ্রামে এই পর্যন্ত সাতটি মুরগির খামার প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিধন করা হয়েছে ২৯ হাজার ৭৫০টি মুরগি। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় ২১ লাখ টাকা। শবিার চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে বার্ড ফ্লু সংক্রান্ত এক পর্যালোচনা সভায় এ তথ্য জানান। তিনি জানান, খামারগুলোর ক্ষয়ক্ষতির হিসাব পশুসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে খামারিদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে। পর্যালোচনা সভায় মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার পোল্ট্রি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "খামারে জৈব নিরাপত্তা নিশ্চিত করা না হলে তা বন্ধ করে দেওয়া হবে।" বার্ড ফ্লু প্রতিরোধে সর্তকতামূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে হবে বলেও তিনি জানান। বিশেষ সহকারী আরও বলেন, বার্ড ফ্লু সংক্রমণ প্রতিরোধে খামার ও বাজারে গৃহীত সর্তকতামূলক ব্যবস্থা চালু রাখতে হবে। অন্যথায় আবার সংক্রমণ ঘটতে পারে। বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার বার্ড ফ্লু প্রতিরোধে সর্তকতামূলক ব্যবস্থা আরও জোরদার করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দেন। বাজার কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আশরাফ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, সিভিল সার্জন ডা. জালাল আহম্মদ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কমিশনার রেখা আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় পশু সম্পদ অধিদপ্তরের উপ পরিচালক আবদুল হাই মিয়া, বিভিন্ন খামারের মালিক, জেলা ও উপজেলা পশু সম্পদ কর্মকর্তা, পোল্ট্রি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১২৩ ঘ.