সিলেট, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ সুরমা এলাকার সিলামে শনিবার শিশু অপহরণের চেষ্টাকালে জনতা হাতেনাতে মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে। দুর্বৃত্তদের ব্যবহৃত গাড়িটিও পুড়িয়ে দিয়েছে জনতা। পরে পুলিশ তিনজনকে উদ্ধার করে থানায় সোপর্দ করেছে।
আটক তিনজন হলেন- বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের চান মিয়া (২৩), একই গ্রামের আব্দুল মজিদ (২৪) এবং গোয়াসপুর গ্রামের বোরহান উদ্দিন (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুুুপুর ১২টার দিকে সিলাম পিএল বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে বিবিরমোকাম এলাকায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী আমিনা বেগম (১১) ও তার বোন তৃতীয় শ্রেণীর ছাত্রী ইমরানা বেগমকে (১০) জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে।
শিশুদের চিৎকার শুনে জনতা ছুটে এসে তিন দুর্বৃত্তকে আটক করে। স্থানীয় লোকজন তাদের মারধর করে এবং পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গ্রেপ্তারকৃতদের পরে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন।
দক্ষিণ সুরমা থানার কর্তব্যরত উপ-পরিদর্শক নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
bdnews24